শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা মঞ্জুল কবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা মঞ্জুল কবিরের
ঢাকাস্থ রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়ন ফোরামের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুল কবির। আগের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমাদের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। কিন্তু ভোটের দিন কেন্দ্র দখলের ঘটনায় হিসাব পাল্টে যায়। ওই নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে কিছু লোক কেন্দ্র দখল করেছিলেন বলে আমরা তথ্য পেয়েছিলেন। নির্বাচনে প্রশাসনের ভূমিকাও আশানুরূপ ছিল না। তবে এবারের পরিস্থিতি ভিন্ন হওয়ায় সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে বলে আমরা আশা করছি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনের সবুজ ছায়া রেস্টুরেন্টে ঢাকাস্থ রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়ন ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মঞ্জুল কবির বলেন, গত ইউপি নির্বাচনের সময় একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের সঙ্গেও কাজ করতে হয়েছে। তবে এবারের নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। আগেরবারের মতো পরিস্থিতি এবার হবে না। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সবার আগে আমি অবস্থান করবো। কোনোভাবেই কেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, ‘প্রয়োজনে আমার মাথাটা আগে ফাটাবে, এরপরে কেন্দ্র দখল হবে। এটা আগে নিশ্চিত দিচ্ছি, কোনোভাবে এবার কেন্দ্র দখলের কোনো চিন্তা কেউ করতে পারবে না ইনশাআল্লাহ।’

নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে ২০০ তরুণকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথাও জানান মঞ্জুল কবির। যুব বিভাগের তরুণদের নিয়ে এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। ভোটকেন্দ্র দখল প্রতিরোধে তরুণদের প্রস্তুত করতেই এ আয়োজন করা হচ্ছে।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ প্রার্থীর ভাবমূর্তি পরিচ্ছন্ন। প্রতিটি ওয়ার্ড থেকে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি আমরা। সুষ্ঠু নির্বাচন হলে ভোটারদের ভালো প্রার্থীসমষ্টি উপহার দিতে পারবো বলে আশা করছি।

এ সময় নির্বাচনের অন্তত এক সপ্তাহ আগে থেকে প্রত্যেককে নিজ নিজ ওয়ার্ডে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান মঞ্জুল কবির। সভায় উপস্থিত ব্যক্তিদের দেওয়া পরামর্শও গুরুত্বের সঙ্গে গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

ফোরামের সভাপতি এম এম আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ রায়পুর উপজেলা ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল আওয়াল রাসেল। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান ফিরোজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান রিপন ও অ্যাডভোকেট আলমগীর হোসেন প্রমুখ।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর