ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে ২১ লাখের বেশি মৃত ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরপরও তালিকায় আরও প্রায় ২৬ লাখ মৃত ভোটারের নাম রয়ে গেছে বলে আশঙ্কা করছে সংস্থাটি। সম্প্রতি দেশজুড়ে ২ হাজার ৭৭ জন ভোটারের ওপর চালানো এক সমীক্ষায় ২ দশমিক ০৭ শতাংশ ভোটারকে মৃত হিসেবে শনাক্ত করার পর এ ধারণা পেয়েছে ইসি। এ পরিস্থিতিতে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে শুধু নির্বাচনের আগে নয়, বছরজুড়েই মৃত ভোটারের নাম কর্তনের পরিকল্পনা নিয়েছে কমিশন।
ইসি সূত্র জানায়, সম্প্রতি দেশের প্রতিটি থানা ও উপজেলার ভোটার তালিকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২ হাজার ৭৭ জন ভোটারকে নিয়ে এ সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, তাদের মধ্যে ২ হাজার ৩৪ জন জীবিত, যা মোট নমুনার ৯৭ দশমিক ৯৩ শতাংশ। বিপরীতে মৃত পাওয়া গেছে ৪৩ জন, যা ২ দশমিক ০৭ শতাংশ।
সমীক্ষায় অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১ হাজার ৯০৯ জন নিজ এলাকায় বসবাস করেন, যা ৯২ শতাংশ। দেশের অন্য এলাকায় বসবাস করেন ৮৬ জন বা ৪ দশমিক ১৪ শতাংশ এবং বিদেশে থাকেন ৪২ জন বা ২ দশমিক ০২ শতাংশ।
সূত্রটি আরও জানায়, গত ২৫ নভেম্বরের আগের ভোটার তালিকায় থাকা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের ওপর সমীক্ষার ফল প্রয়োগ করে তালিকায় সম্ভাব্য মৃত ভোটারের একটি প্রাথমিক হিসাব তৈরি করেছে কমিশন। সেই হিসাবে এখনো প্রায় ২৬ লাখ মৃত ভোটারের নাম তালিকায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে বছরজুড়েই মৃত ভোটারের নাম কাটার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম কাটার ক্ষেত্রে ভুল এড়াতে কর্মশালা ও সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ এসেছে। এর মধ্যে রয়েছে মৃত্যু যাচাইয়ের সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ, সরকারি তথ্যের পাশাপাশি মাঠপর্যায়ে যাচাই এবং ভুলবশত কেটে ফেলা নাম পুনর্বহালের ব্যবস্থা রাখা। তথ্যের নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে দায়িত্বভিত্তিক অ্যাপ চালু, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং তথ্য সংগ্রহে সরকারি স্বাস্থ্যকর্মীদের যুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ ছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্য-প্রযুক্তিভিত্তিক সংযোগ (এপিআই) স্থাপন, পরিবারের সদস্যদের অনলাইনে মৃত্যুর তথ্য দেওয়ার সুযোগ এবং প্রবাসীদের ক্ষেত্রে দূতাবাস ও স্বজনদের মাধ্যমে তথ্য সংগ্রহের সুপারিশ করা হয়েছে। নিয়মিত তথ্য হালনাগাদ ও এ বিষয়ে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্রটি আরও জানায়, মৃত ভোটারের তথ্য সংগ্রহে স্থানীয় পর্যায়ে ইমাম, পুরোহিত, গ্রাম পুলিশ, দফাদার, চৌকিদার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। এসব সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ, সারা বছর ধরে মৃত ভোটারের নাম কর্তনের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
ইউপি নির্বাচন ঘিরে ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক
অবিতরণকৃত স্মার্টকার্ড ধ্বংসের পরিকল্পনা ইসির
ভোটার তালিকায় ২৬ লাখ মৃত ভোটার থাকার বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এনআইডি অনুবিভাগের সমীক্ষার প্রসঙ্গে টেনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা ২১ লাখের বেশি মৃত ভোটার কর্তন করেছি। ভোটার তালিকায় এখন কিন্তু ২৬ লাখ মৃত ভোটার রয়েছে বলে আমাদের আশঙ্কা।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ঢাকা মেইলকে বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ বিষয়ে একটি মূল্যায়ন করেছেন। সেই মূল্যায়নের ভিত্তিতেই সম্ভাব্য মৃত ভোটারের একটি আনুমানিক সংখ্যা পাওয়া গেছে। তবে এটি কোনো চূড়ান্ত হিসাব নয়, বরং সমীক্ষার ফলের ভিত্তিতে করা একটি তাত্ত্বিক অনুমান। প্রকৃত সংখ্যা এর চেয়ে ১০ হাজার কম বা বেশিও হতে পারে।
সারা বছর মৃত ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির পরিকল্পনা রয়েছে। এ নিয়ে কাজও চলছে। পাশাপাশি এ-সংক্রান্ত কর্মশালায় যেসব সুপারিশ আসবে, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।
আরও পড়ুন
এনআইডি প্রতারণা: মূল হোতাদের ধরতে পারছে না ইসি
স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
আখতার আহমেদ বলেন, মৃত ভোটারের নাম কর্তনে নির্বাচন কমিশন এবারই প্রথম বছরব্যাপী কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। এর আগে এভাবে সারা বছর ধরে মৃত ভোটারের নাম কর্তনের উদ্যোগ নেওয়া হয়নি।
ইসির প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৮৮ লাখ ৬০ হাজার ৮৭৯ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে কার্যক্রম প্রযুক্তিনির্ভর করার পর ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাত বছরে কর্তন করা হয়েছে ৫৭ লাখ ৫১ হাজার ৪৯২ জনের নাম।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৪২ জন আর ওই সময় মৃত ভোটার কর্তন করা হয়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। ২০২০ সালে ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন আর ওই বছরে মৃত ভোটার কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জন। ২০২১ সালে ভোটার ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন, কিন্তু এ বছর কোনো কর্তন করা হয়নি। ২০২২ সালে ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এ বছর কর্তন করা হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। ২০২৩ সালের ভোটার ছিল ২০২২ সালের সমান (হালনাগাদ হয়নি)। এ বছর কোনো মৃত ভোটার কর্তন করা হয়নি। ২০২৪ সালের ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এ বছর মৃত ভোটার কর্তন হালনাগাদ করা হয়নি। সবশেষে ২০২৫ সালে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এ বছর মৃত ভোটার কর্তন করা হয়েছে ২১ লাখ ৩৩ হাজার ৬২৮ জন।
সবশেষে ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৯৭ জন।
এমএইচএইচ/জেবি




