বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে বিচারক নিয়োগের দাবি জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে বিচারক নিয়োগের দাবি জামায়াতের
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মানববন্ধন।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি অবসানের দাবিতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এসব দাবির মধ্যে নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগের বিষয়টিও রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আঁখি ও নুরুন্নাহার পলি এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা।

সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, নারীরা সমাজের কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান তিনি।

সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী আইনের আশ্রয় নিতে চান না। এ জন্য বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা প্রয়োজন। সাবিকুন্নাহার মুন্নি এমপি বলেন, নিরাপত্তা পাওয়ার অধিকার নারীর মৌলিক অধিকার হলেও সমাজে এটিকে অনুগ্রহ হিসেবে দেখা হয়।

আকলিমা ফেরদৌসী আঁখি গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধের দাবি জানান। অন্যদিকে তাহমিনা আক্তার সুরমা বলেন, নারীরা রাজপথ থেকে সংসদ—কোথাও নিরাপদ নন। এখনো ফ্যাসিস্টরা সহিংস আচরণ করছে, রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানান তিনি।

মানববন্ধন থেকে জানানো সাত দফা দাবির মধ্যে রয়েছে—নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা এবং অভিযোগ গ্রহণে অবহেলা, ভুক্তভোগীকে হয়রানি ও আপসের নামে চাপ প্রয়োগ বন্ধ করা।

নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করার দাবি জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সহজলভ্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়।

এ ছাড়া অনলাইন জগতে নারীর বিরুদ্ধে অপমান, হুমকি, অশ্লীলতা, ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ডিজিটাল নিরাপত্তার নামে ভুক্তভোগীকে দোষারোপ না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নির্যাতনের শিকার ও ঝুঁকিতে থাকা নারীদের সহায়তায় কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার দাবিও জানানো হয়।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর