মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু তাদের স্বামী, ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের অন্য সদস্যদের হাতে হত্যার শিকার হচ্ছেন। এভাবে গতবছর ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর (ইউএনওডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র।

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

প্রতিবেদন বলা হয়, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৭৮ হাজার নারী ও কন্যাশিশু ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার জনকে হত্যা করেছেন তাদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যরা। সে হিসাবে প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের সংস্থা দুটি আরও বলছে, সাম্প্রতিক বছরগুলোতে স্বামী, ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে নারী হত্যার সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। অর্থাৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

নারী হত্যার ক্ষেত্রে ঘরই সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে উঠে এসেছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যার শিকার নারীদের ৬০ শতাংশই ব্যক্তিগত ও পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে পুরুষ হত্যার ক্ষেত্রে মাত্র ১১ শতাংশ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক হিসাবে সবচেয়ে বেশি নারী ও কন্যাশিশু হত্যার ঘটনা ঘটেছে আফ্রিকায়। ২০২৫ সালে মহাদেশটিতে ২২ হাজার ১০০ জন নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। এশিয়ায় এ সংখ্যা ১৫ হাজার ১০০। এছাড়া আমেরিকা মহাদেশে ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের হত্যার হার কমছে তুলনামূলক ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এই প্রবণতা উদ্বেগজনক।

জাতিসংঘের মতে, সামাজিক রীতিনীতি, নারী-পুরুষের বৈষম্যমূলক ধারণা এবং বিচারব্যবস্থায় প্রবেশের নানা প্রতিবন্ধকতা নারী হত্যার ঘটনা অব্যাহত থাকার অন্যতম কারণ। পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার দিকে নজর দিলেই হবে না, পরিবারের অন্য সদস্যদের মধ্যকার সহিংসতাও প্রতিরোধ করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী ও কন্যাশিশুকে লিঙ্গপরিচয়ের কারণে হত্যার ঘটনাকে ফেমিসাইড বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি মানব পাচার, জোরপূর্বক শ্রম ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ডও এর আওতায় পড়তে পারে।

জাতিসংঘ বলছে, পারিবারিক পরিসরের বাইরে নারীদের হত্যার বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় প্রকৃত চিত্র নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ফলে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নারীর নিরাপত্তা নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বৈশ্বিক সংস্থটি।

সূত্র: আরব নিউজ


এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর