পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী এদেশের জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে এখনো বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এজন্য ফ্যাসিস্ট সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে বলেও মন্তব্য তার।
রোববার (২২ নভেম্বর) দিনগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ।
জুলাইয়ের এই নায়কের অভিযোগ, ‘গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর সরাসরি চাপাতি দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।’
তিনি বলেন, ‘একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।’
জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম।
তরুণ এই সংসদ সদস্যের অভিযোগ, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এসব ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।’
তিনি বলেন, ‘আমাদের সুস্পষ্ট দাবি, এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
একইসঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান এনসিপির আহ্বায়ক।
এর আগে যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টায় দেশে ফেরেন নাহিদ ইসলাম। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
জাতীয় ঐক্য সম্পর্কে এই সংসদ সদস্য সে সময় বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অঙ্গীকার থাকলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।’
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তিনি।
এএইচ




