জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অঙ্গীকার থাকলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টায় দেশে ফেরেন নাহিদ ইসলাম। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই তরুণ সংসদ সদস্য।
নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার, আসন্ন গঙ্গাচুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান থাকলেই কেবল জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।’
তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার সদিচ্ছা রয়েছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘তা না হলে তারা শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্য চাইবে। জানুয়ারি মাসে আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।’
পতিত ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নয়, বরং জনগণের মধ্যে এবং সামাজিক-রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে পারবে।’
এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিএই/এএইচ



