জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম।
বিবৃতিতে তিনি বলেন, ‘মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় প্রকাশের পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত চলমান থাকা অবস্থায় তাকে হেনস্তা করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু সন্ত্রাসী তাকে প্রকাশ্যে হেনস্তা করেছেন।’
তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। জমিজমা সংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। কোনো অবস্থাতেই একজন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি কিংবা সাধারণ নাগরিককে অপমান, হেনস্তা বা শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারও নেই।’
এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তিকে হেয় করার শামিল নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটি।
এমআর/এএম




