পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকরের তারিখ নিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক, আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় শ্রমিকদের মজুরি নিয়ে গুজব, ভুয়া তথ্য ও বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, গুজব বা ভুয়া তথ্যে কান দেওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলাও সৃষ্টি করা উচিত নয়। মজুরি ঘোষণার দিন যাই হোক, নতুন নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
এর আগে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়।
তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
এআর




