ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ও রাজনৈতিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। শুধু দিবসটি ঘিরে নয়, সারা বছরই এ নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ৭ নভেম্বরের সংগ্রাম, প্রেক্ষাপট, প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচকেরা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এমন অনেক বিষয় আলোচনায় এসেছে, যা এর আগে সেভাবে আলোচিত হয়নি। তাই এই দিনের ইতিহাস ও গুরুত্ব নতুন প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে হবে।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এটি শুধু সিপাহি অভ্যুত্থান ছিল না, বরং সিপাহি-জনতার অভ্যুত্থান। এর আগে ৩ নভেম্বরের ঘটনা ছিল স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী। বাংলাদেশকে অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করার আশঙ্কা তৈরি হলে জনগণ তা বুঝতে পেরে অল্প সময়ের মধ্যেই জেগে ওঠে। সেনাবাহিনী ও সিপাহিরা বিদ্রোহে অংশ নেন এবং সেই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবমূর্তি সামনে আসে।
তিনি বলেন, জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসায় অন্তরীণ করে রাখার বিষয়টি সেনাবাহিনী ও সাধারণ মানুষ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিল। এ কারণেই তারা বিদ্রোহে অংশ নেয়। তার ভাষায়, এই অভ্যুত্থান ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেরই একটি অংশ।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালে এক পক্ষ পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা করেছিল, অন্য পক্ষ পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। শহীদ জিয়াউর রহমান দ্বিতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও সঠিক নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান ঘর ছেড়ে জনতার মধ্যে মিশে যাননি। অন্যদিকে ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার সুযোগ বন্ধ হয়ে যায় বলে দাবি করেন তিনি। এরপর পাকিস্তানি বাহিনী জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালায় বলেও মন্তব্য করেন দুদু।
শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হলেও পরবর্তী সময়ে দেশে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ে মানুষের ক্রয়ক্ষমতা ছিল না। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণার কথাও উল্লেখ করেন তিনি।
দুর্ভিক্ষের সময় শেখ মুজিবুর রহমানের দুই ছেলের বিয়েতে সোনার মুকুট পরানো এবং ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আশপাশে আয়োজন করে খাবার পরিবেশনের ঘটনাকে জাতির সঙ্গে নির্মম রসিকতা হিসেবে আখ্যায়িত করেন দুদু।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশের মানুষ মিষ্টি বিতরণ ও উৎসব করেছিল। এটি ইতিহাসের বাস্তবতা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মনোভাব বুঝতে পারলে ৩ নভেম্বরের ঘটনা ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ৩ নভেম্বরের ঘটনার মধ্য দিয়েই ৭ নভেম্বরের প্রেক্ষাপট তৈরি হয় এবং ওই দিনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের পুনরুত্থান ঘটে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুদু বলেন, এই তিন নেতা জনগণের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন ও নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছেন। জনগণের পছন্দ ও সমর্থনের ভিত্তিতেই তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কৃষকদলের সাবেক নেতা শাজাহান মিয়া সম্রাট এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভিপি শহীদ প্রমুখ।
এমএইচ/এসআই




