ভারতে সংঘটিত একটি ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি তাদের পেজে এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, বিএনপির এক কেন্দ্রীয় নেতা ছাত্রলীগ নেতাকে ধরতে না পেরে রাস্তায় তার মাকে নির্যাতন করেছে- এমনটা দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিএনপি নেতা কর্তৃক রাস্তায় ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, এটি ভারতের একটি ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম আজতকের ওয়েবসাইটে গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ায় দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদের জেরে অভিযুক্ত আশীষ পান্ডে নামে এক ব্যক্তি এক বয়স্ক নারী ও তার ছেলেকে নির্মমভাবে আক্রমণ আক্রমণ করে। পরে স্থানীয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
ফ্রিপ্রেস জার্নালে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। অথচ ওই ঘটনাকে বিএনপি নেতা কর্তৃক ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের লোকজনের ফেসবুক আইডি এবং বিভিন্ন পেজ থেকে বাংলাদেশ, বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, অপতথ্য, মিথ্যা, অসত্য ও অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাফ্যাক্টসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান সেসব অপকর্ম শনাক্ত করছে।
এএইচ



