পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। অথচ তাকে দেশে ফেরানো নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনা আবার দেশে ফিরতে চাইছেন। তার আইনজীবীরা পাসপোর্ট চাইছেন, ভিসা চাইছেন, জাতীয় পরিচয়পত্র চাইছেন। কেন? এখানে দুটি বিষয় রয়েছে। একটি প্রত্যাবর্তন, অন্যটি প্রত্যর্পণ।
প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের পার্থক্য ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো ব্যক্তি দেশ ছেড়ে যাওয়ার পর নিজের দেশে ফিরে আসতে চাইলে সেটি প্রত্যাবর্তন। অন্যদিকে যার বিরুদ্ধে ফৌজদারি মামলা, অপরাধের অভিযোগ কিংবা দণ্ড রয়েছে, তাকে এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের ব্যবস্থা রয়েছে। এটি দুই দেশের মধ্যকার একটি আইনি প্রক্রিয়া।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি একটি আইনি বিষয়। সুতরাং শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয়টি আসতে পারে না। তার ভিসা, পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে এত আলোচনা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকসহ প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা চলছে। বিভিন্ন মামলায় দণ্ড দেওয়া হয়েছে বলেও আমরা জানি। তাহলে তাকে নিয়ে এত ঢাকঢোল পেটানোর কী আছে? তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যর্পণ করা যেতে পারে। কিন্তু এখন এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে!
যে নারীর বিরুদ্ধে এত মানুষের রক্ত ঝরানোর অভিযোগ রয়েছে, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন রুহুল কবীর রিজভী।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান অনুযায়ী দুই দেশের মধ্যে আলোচনা হতে হবে। সেই প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে চলমান বিচারিক কার্যক্রমের আওতায় আনতে হবে। কোনো মামলায় দণ্ড থাকলে আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে ধরনের শাসনব্যবস্থা ছিল, শেখ হাসিনা আবার সেই ধরনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হয়ে উঠেছিল।
রিজভী বলেন, গোটা রাষ্ট্রের চরিত্র হয়ে গেল গুম, খুন ও গুপ্তহত্যা। গুম, খুন ও গুপ্তহত্যাকে রাষ্ট্রের চরিত্রে পরিণত করলেন শেখ হাসিনা।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন। অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণজাগরণ তৈরি হয় এবং শেখ হাসিনার শাসনের অবসান ঘটে।
এ আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, লন্ডনে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও জনগণ একসঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন। এটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের জাতীয় জাগরণ। ওই দিনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
তিনি বলেন, ৭ নভেম্বর হচ্ছে স্বাধীনতা রক্ষার দিন। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও এই দিনের চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, এরশাদবিরোধী আন্দোলনে দীর্ঘ নয় বছর নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। তার নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হয়। শেখ হাসিনার শাসনামলেও তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করা হয়েছিল বলে অভিযোগ করেন রিজভী। এমনকি কারাগারে তার খাবারে বিষ মেশানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করে রিজভী বলেন, গত ১৭ বছর সংগঠনের নেতাকর্মীরা মামলা, গ্রেফতার ও পুলিশি বাধার মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নারীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করতে হবে। কারও স্ত্রী, বোন কিংবা আত্মীয় হওয়ার কারণে কেউ সুযোগ পাবেন, এমনটি হতে পারে না।
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনের পর এখন জাতীয়তাবাদী মহিলা দলকে সামাজিক আন্দোলনেও সক্রিয় হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করতে হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, এই ঋণের ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য রাখার কথা রয়েছে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মহিলা দলের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এমএইচ/এএস




