বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঘুষ বিষয়ে শাহে আলমের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

ঘুষ বিষয়ে শাহে আলমের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
জামায়াতে ইসলামীর লোগো

ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার দেওয়া ঘুষ নয়- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। 

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ওই বক্তব্যের মাধ্যমে শাহে আলম মূলত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন জুবায়ের।

নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল।’

তার মতে, ‘ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নামে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা প্রদান কোনোভাবেই নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের নামে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই একটি ভিন্ন রূপ।’

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেখানে সরকারের একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতির পথ আরও প্রশস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে এবং এ ধরনের বক্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে।’

অ্যাডভোকেট জুবায়ের উল্লেখ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ‘সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করে- এমন বক্তব্য তাদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। তাদের লাগামছাড়া বক্তব্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকেই উৎসাহিত করবে। এ ধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

জামায়াত নেতার আহ্বান, ‘রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ নভেম্বর) নবনিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশলীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ঘুষ আর উপহার নিয়ে কথা বলেন এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম। 

ওই অনুষ্ঠানে তিনি প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’ শাহে আলমের এ বক্তব্য বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর