বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ঘিরে বিতর্ক
মূল ছবিটি ঘুষ সংক্রান্ত প্রতীকী চিত্র। ইনসেটে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন’- এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) নবনিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশলীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ঘুষ আর উপহার নিয়ে কথা বলেন শাহে আলম। একইসঙ্গে এলজিইডির কাজের গুণগত মান নিয়ে মানুষ প্রশ্ন তুলছে উল্লেখ করে সেটি ঠিক করতেও প্রকৌশলীদের আহ্বান জানান তিনি।

দেশে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান, ব্যয় এবং ঠিকাদারদের সঙ্গে প্রকৌশলীদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

তবে কেবল স্থানীয় সরকার প্রকৌশলীই নয়, অন্যান্য সরকারি প্রকৌশলীদের বিরুদ্ধেও অবৈধ অর্থের লেনদেন, ঘুষ গ্রহণের অভিযোগ বহুল চর্চিত। প্রায়ই প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে ঘুষ লেনদেন বা অবৈধ আর্থিক লেনদেনের তদন্ত করতেও শোনা যায়।

ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের আইনে কোনটি ঘুষ আর কোনটি উপহার বা উপঢৌকন? একইসঙ্গে প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ঘুষ দেওয়াকে আরও উৎসাহিত করা বা বৈধতা দেওয়া হলো কি না, উঠছে সেই প্রশ্নও।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আইনানুযায়ী সরকারি কর্মচারীরা উপহারও নিতে পারেন না। ফলে তার বক্তব্যে এখন স্বার্থের সংঘাত তৈরি হবে। বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে এমন বক্তব্য সাংঘর্ষিক এবং সরকারের জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেন, ‘তার (শাহে আলম) এ বক্তব্য প্রত্যাহার করা উচিত এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। এ ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না এবং সরকারেরও উচিত এই বিষয়টি সরকারের অবস্থান কি না, সে বিষয়টি পরিষ্কার করা।’

তিনি প্রশ্ন করেন, ‘এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন?’ তার মতে, ‘সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব‍্যাপকতর বিস্তার ঘটাবে।’

ঘুষ নাকি উপহার, আইন কী বলছে?

এরজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রকৌশলীদের ঠিকাদারদের লভ্যাংশ থেকে প্রাপ্ত উপহারকে ঘুষ নয় বলে দাবি করলেও দেশে বিদ্যমান নানা আইনে সরকারি কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত এমন উপহারকে অবৈধ সুবিধা গ্রহণ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

দ্য পেনাল কোড ১৮৬০ বা দণ্ডবিধি, দ্য প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট, ১৯৪৭, গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস, ১৯৭৯, এই তিন আইনেই সুনির্দিষ্টভাবে উদাহরণ দিয়ে ব্যাখ্যাসহ উপহার এবং ঘুষের পার্থক্য তুলে ধরা হয়েছে। এমনকি আইনানুযায়ী, সরকারি কর্মচারীদের উপহার নেওয়ারও সুযোগ নেই।

তবে শুধু বিদেশিদের কাছ থেকে উপহার নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমাদন সাপেক্ষে সেটি ফয়সালা করতে হবে। যদিও এই উপহারের মূল্যমান পাঁচশো টাকার বেশি হতে পারবে না বলে সরকারি কর্মচারীদের আইনেই বলে দেওয়া হয়েছে।

এসব আইনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে শাস্তির বিধানও রয়েছে। গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস ১৯৭৯ বা সরকারি কর্মচারী(আচরণ) বিধিমালা-১৯৭৯, বাংলাদেশ সরকারের বেসামরিক চাকরিতে নিয়োজিত কর্মচারীদের জন্য প্রযোজ্য।

এই বিধিমালায় বিধি-৫-এ উপহারের বিষয়ে বলা হয়েছে, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী নিকটাত্মীয় বা ব্যক্তিগত বন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট থেকে এমন কোনো উপহার গ্রহণ করতে বা তার পরিবারের কোনো সদস্যকে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে গ্রহণের অনুমতি দিতে পারবেন না।

বিদেশি পুরস্কার গ্রহণের বিষয়ে এই বিধিমালায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনো বিদেশি পুরস্কার, পদবী বা উপাধি গ্রহণ করতে পারবেন না।

এমনকি সরকারি কর্মচারীদের মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তরের ক্ষেত্রে আড়াই লাখ টাকার বেশি মূল্যের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় বা অন্য কোনো উপায়ে হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর বিভাগীয় প্রধান বা সরকারের অনুমোদন গ্রহণ করতে হবে বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

সরকারি কর্মচারীরা এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে এতে তাদের জন্য শাস্তির বিধানও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হবে। একইসঙ্গে, অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এর তফসিল ২০ এর অনুচ্ছেদ ছয় (২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা।

টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা এই দুই সীমিত বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না।

দ্য পেনাল কোড ১৮৬০ এর ১৬১ ধারায় অনুযায়ী, সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণকে বোঝানো হয়েছে, যেটি শাস্তিযোগ্য অপরাধ।

এই ধারায় বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে ‘গ্রাটিফিকেশন বা উৎকোচ বা সন্তুষ্টি’, ‘আইনসম্মত পারিশ্রমিক’, ‘কোন কাজ করার মোটিভ বা পুরস্কার’ বলতে কী বোঝায়, সেটি বিস্তারিতভাবে উদাহরণসহ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আইনজীবীরা বলছেন, এই ধারার প্রতিটি ব্যাখ্যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গ্রাটিফিকেশন। দণ্ডবিধিতে এই শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘উৎকোচ’ বা ‘সন্তুষ্টি’ শব্দটি শুধু আর্থিক সুবিধা বা টাকায় পরিমাপযোগ্য সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়।

১৬১ ধারায় সরকারি কর্মচারীদের এসব অপরাধের তিনটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সেগুলো হলো-

১। একজন মুনসেফ (বিচারক) জেড নামক একজন ব্যাংকারের কাছ থেকে জেডের পক্ষে একটি মামলার রায় দেওয়ার পুরস্কার স্বরূপ জেডের ব্যাংকে নিজের ভাইয়ের একটি চাকরির ব্যবস্থা করে নেন। এক্ষেত্রে এটি অপরাধ।

২। কোনো বিদেশি রাষ্ট্রে বাংলাদেশের কনসাল পদে কর্মরত ‘এ’ নামক ব্যক্তি ওই রাষ্ট্রের মন্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করলেন।

যদিও এটা স্পষ্ট নয়, ‘এ’ নির্দিষ্ট কোনো সরকারি কাজ করার বা সেবা দেওয়ার বদলে ওই টাকা নিয়েছেন। কিন্তু এটা স্পষ্ট, তিনি ওই রাষ্ট্রকে তার সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ অনুকূল মনোভাব দেখানোর পুরস্কার হিসেবে ওই টাকা গ্রহণ করেছেন। এক্ষেত্রে ‘এ’ অপরাধ করেছেন।

৩। একজন সরকারি কর্মচারী ‘এ’, জেডকে ভুল বুঝিয়ে বিশ্বাস করান, তিনি সরকারের ওপর প্রভাব খাটিয়ে জেডের জন্য একটি খেতাব বা উপাধি জুটিয়ে দিয়েছেন এবং এই সেবার পুরস্কার হিসেবে জেডের কাছ থেকে টাকা নেন। এক্ষেত্রে ‘এ’ কোনো কাজ করার মোটিভ বা উদ্দেশ্য বা পুরস্কার- এই ধারায় অপরাধ করেছেন।

আইনজীবীরা বলছেন, নগদ টাকা না দিয়েও দামি উপহার, মূল্যবান সামগ্রী কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়া হলেও পরিস্থিতি অনুযায়ী সেটি দুর্নীতির আওতায় আসতে পারে। দণ্ডবিধির এই ১৬১ ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

দণ্ডবিধির ১৬৫ ধারায় আরও সুনির্দিষ্ট করে বলা হয়েছে, দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা প্রতিদান অপর্যাপ্ত জেনেও মূল্যবান বস্তু গ্রহণ অপরাধ। এই ধারায়ও সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড।

সরকারি কর্মচারীদের উপহার দেওয়া কী ঘুষকে বৈধতা দেওয়া?

এলজিআরডি প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন এক সাবেক সরকারি কর্মকর্তা এবং টিআইবির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান। তারা বলছেন, সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী, ঠিকাদারদের কাছ থেকে উপহার নেওয়াও নিষিদ্ধ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, ‘ঠিকাদারদের কাছ থেকে উপহার নেওয়া বেআইনি, এটা কখনোই হতে পারে না। তিনি যেভাবে কথাটি বলেছেন, সেটি আমাদের আইনবিরুদ্ধ কথা হয়ে গেছে।’

সরকারি কর্মচারীদের আচরণ সংক্রান্ত বিদ্যমান আইনানুযায়ী, একজন সরকারি কর্মচারীর কর্মস্থলে তার নিজের কোন আত্মীয়-স্বজন কাজ করতে পারবেন না। এমনকি ঠিকাদার হিসেবেও কাজ করতে পারবেন না বলে বিধান রয়েছে বলেও জানান তিনি।

শহীদ খান বলেন, বিশ্বের অনেক দেশে অবশ্য এটি আইনসিদ্ধ। ইন্দোনেশিয়াতে সরকারি কোনো কার্যালয়ে কাজ করা বা নেওয়ার ক্ষেত্রে থার্ড পার্টি এজেন্ট বা নির্ধারিত কোম্পানি রয়েছে যারা কমিশনের বিনিময়ে সরকারি বিভিন্ন দফতরে গিয়ে ওই কাজটি করতে সহায়তা করে থাকেন।

বিষয়টি উল্লেখ করে সাবেক সচিব শহীদ খান বলেন, আইন করে সেটি করতে পারেন কিন্তু বাংলাদেশ এমনিতেই দুর্নীতির সূচকে খারাপ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘যেখানে সরকার দুর্নীতি জিরো টলারেন্স বলেছে, প্রধানমন্ত্রীর যে ঘোষণা বা বিএনপির যে প্রতিশ্রুতি সেটার সঙ্গে এই বক্তব্যটা কোনোভাবেই যায় না। ভবিষ্যতে এটাকে লিগালাইজ করতে চাচ্ছেন কি না, ওই জায়গায় আমরা যেতে চাই না। লিগালাইজ করার কোনো সুযোগ নাই বাংলাদেশে, করা উচিত হবে না। এমনিতেই দুর্নীতির সূচকে আমরা খুব খারাপ অবস্থায় আছি।’

এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সংশ্লিষ্ট আইন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা অথবা জেনে-শুনেই করেছেন কি না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘অবশ্যই এটা ঘুষকে বৈধতা দেওয়ার দুর্নীতির সহায়ক একটা অবস্থান।’

তবে এমন বক্তব্য শুধুমাত্র সরকারি কর্মচারী বিধিমালাই নয়, ক্রয় নীতিমালারও লঙ্ঘন। এর মাধ্যমে ঠিকাদারদের সঙ্গে সচিব বা আমলাদের বা প্রকৌশলীদের সঙ্গে খুব পরিষ্কারভাবেই স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হবে বলে মনে করেন টিআইবির এই নির্বাহী পরিচালক।

তিনি বলেন, ‘প্রকৌশলীদের সঙ্গে যারা প্রকল্প বাস্তবায়নে বা ঠিকাদারের সঙ্গে কাজের সঙ্গে জড়িত থাকবেন, তাদের স্বার্থে দ্বন্দ্ব হবে।’

এর আগেও চাঁদাবাজি নিয়ে বিএনপি সরকারেরই আরেকজন শীর্ষ পর্যায়ের ব্যক্তি বক্তব্য দিয়েছিলেন উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘দুঃখজনক হচ্ছে, দুজন মন্ত্রীই একই ভাষায় কর্তৃত্ববাদী আমলের সময়ের একই পোর্টফোলিওর মন্ত্রীরা একই ধরনের কথা বলেছে।’

তিনি বলেন, ‘এখানে মন্ত্রীর যোগসাজশের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার একটা পাঁয়তারা বলে আমরা মনে করছি। সেই সময়কার ভূত এখনো আমাদের বর্তমান সরকার ধারণ করে চলছে, বহন করে চলছে। এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।’ সূত্র: বিবিসি বাংলা

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর