মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মঞ্জু
বিজয়নগরে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বোমাবাজি ও সন্ত্রাস করে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব? এসব সন্ত্রাসের মাধ্যমে তারা কী অর্জন করতে চায়?’

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবি পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, ‘জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হবার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়; বরং নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে সরকারের সংঘাত-সংঘর্ষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না।’

তিনি বলেন, ‘আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না। আমরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আমাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।’

মঞ্জু বলেন, ‘মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জিরাই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে তাদের প্রতি সহানুভূতিশীল ও আড়ালে থাকা সমর্থকরাও বিপাকে পড়বেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না। বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম আছি। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবার ঐক্যবদ্ধ করবে। ’

সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারকে বলতে চাই, আপনাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কী গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল না? এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকার যদি মনে করে তারা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না, তাহলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দল গঠন করব। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করব। প্রতিটি ঘটনার দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই নিতে হবে।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ,ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ড. শাহেদুল ইসলাম, ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার,স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ,গাজীপুর মহানগর সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, নারী উন্নয়নবিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু, মোহসীনুল হক চৌধুরী, সহকারী অর্থ সম্পাদক শাব্বির আহমেদ তামিম, প্রবাসী কল্যাণবিষয়ক সহসম্পাদক নুরুন্নবী নয়ন, ঢাকা মহানগর উত্তর যুব পার্টির আহ্বায়ক মাহফুজার রহমান ইমতু,সদস্য সচিব ইশরাত জাহান লিজা, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর