শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু
রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। শোভাযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শোভাযাত্রাটি শুরু হয়।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। পরে তার নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা।
রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা।

এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

আরও পড়ুন:

বিএনপির শোভাযাত্রা ঘিরে লোকারণ্য নয়াপল্টন

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশকে আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দুপুরের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর