শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ এএম

শেয়ার করুন:

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়েছিল। ওই সময় বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় সংকট উত্তরণে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও ৭ নভেম্বরের সংহতির চেতনার পুনর্জাগরণ ঘটে। সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।

রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্রের ধারাবাহিক অগ্রযাত্রা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার পরিবেশ বজায় রাখার পাশাপাশি জাতীয় সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

রাষ্ট্র পরিচালনায় ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ ছাড়া দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর