শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদান স্মরণ করবে জাতি: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদান স্মরণ করবে জাতি: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ইসলামি মূল্যবোধসম্পন্ন ও ইনসাফভিত্তিক সমাজ এবং দেশ গঠনে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

অধ্যাপক গোলাম আযমের দ্বাদশ শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। শুক্রবার (২৩ অক্টোবর) তার শাহাদাতবার্ষিকী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গোলাম আযমের মাগফিরাত কামনা করে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, অধ্যাপক গোলাম আযম ছিলেন ইসলামি চিন্তাবিদ, লেখক ও ইসলামি আন্দোলনের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। নানা প্রতিকূলতা, বাধা ও নির্যাতনের মধ্যেও তিনি নিজের আদর্শে অবিচল ছিলেন। তাঁর ভালো প্রচেষ্টাগুলো কবুল করতে এবং ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মর্যাদা দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গোলাম আযমের জীবন ও কর্ম বর্তমান সময়ের জন্য শিক্ষা ও গবেষণার বিষয়। রাজনৈতিক জীবনে তিনি মানুষের অধিকার আদায়ে সোচ্চার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। শিক্ষাজীবনে ভাষা আন্দোলনে অংশ নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখার কথাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

জামায়াত আমিরের দাবি, ১৯৮৩ সালে সুষ্ঠু নির্বাচনের জন্য অধ্যাপক গোলাম আযম তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রস্তাব দিয়েছিলেন। পরে ১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে গোলাম আযমের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৫৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগ দেন। পরে দলটির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে ১৯৬৯-৭১ মেয়াদে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির নির্বাচিত হন। ২০০০ সালের ডিসেম্বরে তিনি জামায়াতের আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

গোলাম আযমের কারাভোগের প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে তিনি কারাবরণ করেন। ২০১২ সালের ১১ জানুয়ারি গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় ২০১৪ সালের ২৩ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর