চার দিনের সফরে আজ বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সফরে তিনি সাংগঠনিক কর্মসূচি, সীরাত মাহফিল, ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তাঁর সঙ্গে মালয়েশিয়া যাচ্ছেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে মামুনুল হক মালয়েশিয়ার বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করার কর্মসূচি রয়েছে।
পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) মামুনুল হক মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করবেন।
সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
টিএই/এএম




