সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে টকশোতে বিরূপ মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষমা চেয়েছেন।
এতে বলা হয়েছে, সম্প্রতি স্টার নিউজের একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত বলেছিলাম, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’
তিনি বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’
রতন বলেন, ‘মানুষ ভুল করতেই পারে, আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমার ওই মন্তব্যটির জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
এ নিয়ে স্টার নিউজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে স্টার নিউজের টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন কামরুজ্জামান রতন।
তার সেই বক্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে মন্তব্যটি প্রত্যাহার করেন তিনি।
বিইউ/এএইচ




