সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ধর্মীয় সম্প্রীতি ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: এমপি মিলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

ধর্মীয় সম্প্রীতি ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: এমপি মিলন
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, ভয়ভীতি কিংবা অন্যায়ের শিকার না হন, সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১২ আসনের উন্নয়ন ও গণসংযোগ সমন্বয়ক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, বাংলাদেশ সবার প্রিয় মাতৃভূমি। এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা নৈতিক ও সামাজিক দায়িত্ব। কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য কিংবা অন্যায়ের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। তারা যেন আনন্দ, উৎসাহ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, কোনো ধরনের উসকানি, গুজব কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষ যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীর পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে বসবাস করবেন। ঢাকা-১২ আসনের সব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করতে চান।

মতবিনিময় সভায় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দেন। এ সময় বিশিষ্ট সমাজসেবক হেমায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া হারুন, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান এবং সমাজসেবক ইউসুফ আলী মোল্লা, নুরুল ইসলাম আকন্দ ও আবু সাঈদ মণ্ডলসহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর