সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু চিকিৎসায় অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত নেতা সেলিম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু চিকিৎসায় অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত নেতা সেলিম
ঢাকা মহানগর উত্তরের আমির এবং নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন। তিনি বলেছেন, ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা গেলেও হাসপাতালগুলোতে রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না।

সোমবার (৫ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি ও লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত ক্যাম্পে এসব কথা বলেন সেলিম উদ্দিন। শ্যামলী পার্ক মাঠে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর পূর্ব থানার আমির মো. মশিউর রহমানের সভাপতিত্বে সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। হাসপাতালে ডেঙ্গু রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না উল্লেখ করে তিনি বিদ্যমান চিকিৎসাব্যবস্থার ঘাটতি দূর করার আহ্বান জানান।

উন্নত বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে সেসব দেশের জনপ্রতিনিধিরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশের মানুষের সমস্যা ও দুর্ভোগ নিরসনে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

জনগণের দুর্ভোগের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, সমস্যা সমাধানে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতি পরিবর্তনে নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন।

ক্যাম্পে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর মহানগরীর শূরা সদস্য মো. জুবায়ের হোসাইন রাজন, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ মাহবুব, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সাইদুর রহমান, মহানগরীর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএই/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর