সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: জামায়াত সেক্রেটারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: জামায়াত সেক্রেটারি
মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নেতৃবৃন্দ

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন না হওয়ার পেছনে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি এও অভিযোগ করেন, ‘বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।’

রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, ‘বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না। ’

জামায়াতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ‘আক্রোশ থেকে’ তাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘সেখানে ট্রলি পাওয়া যায় না এবং লাগেজ পেতে যাত্রীদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। আখতারুজ্জামান এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন। এরপরই তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।’

আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা জামিনযোগ্য হলেও আদালত তার জামিন নামঞ্জুর করেছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘এর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। বিচারকরা রাজনৈতিক চাপের কারণে ভয় পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘একজন মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে সেদিনের ঘটনা নিয়ে জাতির সামনে অসত্য কথা বলেছেন। অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং দুঃখ প্রকাশ করা কর্মকর্তাকে দিয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করানো হয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘আখতারুজ্জামান একজন সম্মানীয় ব্যক্তি। অথচ তাকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হয়েছে। ৭৫ বছর বয়সী এই ব্যক্তি অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ’

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার ডিভিশন পাওয়ার প্রমাণপত্র আদালতে উপস্থাপন করা হলেও তাকে ডিভিশন দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি অবিলম্বে আখতারুজ্জামানের ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানান।

এ ছাড়া আদালতে বিএনপির আইনজীবীরা মব সৃষ্টি করে আখতারুজ্জামানের আইনজীবী, নেতাকর্মী ও স্বজনদের ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আদালতে যে ধরনের ঘটনা ঘটত, এখন তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। আচরণের দিক থেকে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই।’

আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে প্রতিক্রিয়া তৈরি হয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও ক্ষুব্ধ হয়েছেন। তাকে মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।’

এসব বিষয় বিবেচনায় নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর