রাজধানীর বাংলামোটর এলাকায় গুলিবর্ষণকে কেন্দ্র করে ভাঙচুর ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুলিবর্ষণের অভিযোগ ওঠা বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের কমিশনার মো. ইবনে মিজান জানান, বাংলামোটর এলাকায় সোহান নামে এক ব্যক্তিকে মারধর করে মাথা রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন: বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার গুলিবর্ষণ, ধাওয়া-পাল্টা ধাওয়া
তিনি আরও জানান, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। সোহানের মাথায় অস্ত্র দিয়ে আঘাত ও গুলিবর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাইমনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও কোনো অস্ত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি পরিষ্কার হবে বলে জানান তিনি।
এদিকে, ফেরদৌস আহমেদ সাইমনের সঙ্গে কথা কাটাকাটির জেরে সোহানকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাইমনের বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
পরে রক্তাক্ত সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
একেএস




