শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শুধু রাজনৈতিক কারণে ভেরিফিকেশনের নামে কোনো মেধাবীকে বাদ নয়: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

শুধু রাজনৈতিক কারণে ভেরিফিকেশনের নামে কোনো মেধাবীকে বাদ নয়: আবু হানিফ
জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, ফ্যাসিস্টদের আস্ফালন ও দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ সমাবেশ

শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ভেরিফিকেশনের নামে কোনো মেধাবীকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিচয় যাচাই করে চাকরি দেওয়ার যে সংস্কৃতি ছিল, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তা কোনোভাবেই কাম্য নয়। এখন চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা হওয়া উচিত মেধা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, ফ্যাসিস্টদের আস্ফালন ও দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাগ্রত জুলাই ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

আবু হানিফ বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ করেছি, প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে অনেককে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সময় এই কাজ হতো। চৌদ্দ গোষ্ঠীর ব্লাড পরীক্ষা করে দেখা হতো আওয়ামী লীগ কি না, সেটা নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হতো।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এটা কাম্য নয়। আমরা আশা করি, এখন চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা হবে মেধা। শুধু রাজনৈতিক কারণে ভেরিফিকেশনের নামে কোনো মেধাবীকে যেন বাদ দেওয়া না হয়, সেটাই আমাদের দাবি।’

সমাবেশে ভারত ও বাংলাদেশ প্রসঙ্গেও বক্তব্য দেন আবু হানিফ। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শুধু আওয়ামী লীগের পতন হয়নি, একই সঙ্গে ভারতীয় আগ্রাসনেরও পতন হয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে স্বৈরাচার হাসিনার সাক্ষাৎকার প্রচার করছে।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বাগে নিতে বারবার হাসিনা কার্ড খেলছে ভারত। চীন সফরের সময়, বিমসটেক সম্মেলন এবং সবশেষ জাতিসংঘের অধিবেশনের সময় টার্গেট করে খুনি হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারত। এসব বিষয়কে হালকা করে দেখার সুযোগ নেই। ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।’

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ক্যান্টনমেন্ট থানার ওসিকে আটক করে রিমান্ডে নেওয়ার ঘটনায় সরকারকে ধন্যবাদ জানিয়ে আবু হানিফ বলেন, ‘এই ওসি ফোনে বলছিলেন, খুনি হাসিনার নাকি দ্রুত দেশে ফেরা উচিত। এর আগে আমরা দেখেছি, গুলশান জোনের ডিসি আগের দিন নিষিদ্ধ লীগকে মিছিল করার জন্য ক্লিয়ারেন্স দিয়েছেন।’

প্রশাসনে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের গুপ্তদের কারা অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করেছে, সরকারকে তা তদন্ত করে বের করতে হবে। ওসি রাকিবুলের মতো প্রশাসনে থাকা আওয়ামী লীগের গুপ্তদের বিচারের আওতায় আনলে বাংলাদেশে আর নিষিদ্ধ লীগ মিছিল করার সুযোগ পাবে না।’

জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক জীবন আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব ওয়ালিউল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা মাহমুদুল্লাহ মধু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক শাহরিয়ার, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রাকিব, জাবের মাহমুদ, দফতর সম্পাদক মোহাম্মদ আলী ত্বোহা এবং বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর