নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে নিজ আসনের তিন উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব পাঠিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ৪৭ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এ বিষয়ে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বলেন, ‘এমপি মহোদয় চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসনে মেনে চলুক। তাই ওনার নিজস্ব অর্থায়নে নেত্রকোনা-৪ এর মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমিসহ মোট ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি মহোদয় এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।’
এতে মদন উপজেলা থেকে উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ ১৭ জন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ ১৮ জন এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টসহ ১১ জন এবং লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলীসহ ৪৭ জন ওমরাহ পালনে গেছেন।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল বলেন, `আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমারও যেন ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশে তিনি আমাদের পবিত্র ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তার (বাবর) নিয়তকে কবুল করেন এবং আমাদের ওমরাহকে কবুল করেন। সঠিকভাবে ওমরাহ পালন শেষে ফিরে আমরাও যেন ন্যায় নীতির পথে চলতে পারি। একটি মহৎ উদ্দেশে তিনি আমাদের পাঠাচ্ছেন, এজন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
প্রতিনিধি/এমআই




