বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২০ বছর পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

২০ বছর পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। 

তিনি বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্বে করেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পর একটি সভায় অংশ নেওয়ার সময় গুরুতর স্ট্রোকে আক্রান্ত হই। এরপর প্রায় সাড়ে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন রয়েছি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় থাকতে হয়েছে আমাকে। এখনও তার চিকিৎসা চিকিৎসার মাঝপথেই প্রথমবারের মতো সংসদীয় অধিবেশনে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, ‘আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর দীর্ঘ সময় পর আজ আবার মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে একজন সংসদ সদস্য হিসেবে কথা বলার সুযোগ পেয়েছি। এর আনন্দ ও গর্বের মূলত আর কী হতে পারে।’

অসুস্থতার সময় যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আমার অসুস্থতার সময় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বক্ষণিক আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। এজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সংসদের স্পিকার তার অসুস্থতার সময় হাসপাতালে দেখতে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, স্পিকারের এই মানবিক আচরণ তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

তিনি বলেন, ‘এটি শুধু একজন অসুস্থ মানুষের প্রতি সহমর্মিতা নয়, এটি আমাদের সংসদীয় গণতন্ত্রের মানবিক দিকেরও প্রকাশ।’

মির্জা আব্বাস বলেন, রাজনীতি শুধু মতপার্থক্যের বিষয় নয়, রাজনীতি মানুষের জন্য। সংসদ শুধু বিতর্কের জায়গা নয়; মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জায়গা।

তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাকে সুস্থতা ও শক্তি দিন, যাতে আমার নির্বাচনী এলাকার মানুষ এবং বাংলাদেশের মানুষের জন্য বাকি সময়টুকু আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।’

মির্জা আব্বাস বলেন, ‘২০০৬ সালের পর আজ এই মহান সংসদে দাঁড়িয়ে শুধু এই কথা বলতে চাই—আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’

গতকাল বুধবার সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশে ফেরেন মির্জা আব্বাস।

এর আগে, গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখানে এতদিন বিশ্রামে ছিলেন তিনি।

বিইউ/এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর