বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে কলকাতার নাগরিক সেবাখাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কলকাতার সেবাখাতের একটি বড় অংশ বাংলাদেশের নাগরিকদের ওপর নির্ভরশীল। অথচ সেখানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়িত্বে অবহেলার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন সেবাখাত গড়ে উঠেছে। এরই পরিণতিতে অগ্নিকাণ্ডের মতো ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে।

শাহ ইফতেখার তারিক বলেন, নিহত ও আহতদের মরদেহ ও প্রয়োজনীয় সহায়তা স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভারত ও বাংলাদেশ দুই সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, জানা গেছে, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যেতে হচ্ছে, যা আমাদের জন্য হতাশাজনক। এটি বাংলাদেশের চিকিৎসাখাতের ব্যর্থতার প্রতিফলন। স্বাধীনতার পর যারা সরকার পরিচালনা করেছেন, তাদের সবাইকে এর দায় বহন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, বাংলাদেশের নাগরিকদের কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সরকারের নৈতিক দায়িত্ব। কলকাতার সেবাখাতের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে সরকার নাগরিকদের কোনো সতর্কবার্তা দিয়েছে বলে আমাদের জানা নেই। ফলে এ ঘটনায় বাংলাদেশ সরকারেরও নৈতিক দায় রয়েছে।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর