ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের পতনের পর জনগণের ব্যাপক প্রত্যাশা ও দায় নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করলেও ১৮০ দিন পার হওয়ার পরও আশাজাগানিয়া তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মানা হয়নি। এতে জনরায়ের প্রতি সরকারের স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা প্রকাশ পেয়েছে।’
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে দলটির ঢাকা মহানগর উত্তরের শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের যে বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। একইভাবে উচ্চকক্ষ গঠনের জন্য নির্ধারিত বাধ্যতামূলক সময়ও মান্য করা হয়নি। এসব বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর মানুষ রাষ্ট্রব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডে সেই প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।’
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে শূরা অধিবেশনে ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন সঞ্চালনা করেন।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।
এমআর/এমআই




