ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম।
তিনি বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শ অনুসরণ করে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবী সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটি, সুপ্রিম কোর্ট শাখা এ মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মসিউল আলমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুর রহমানের পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর আদর্শে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দুটি বিষয় নিশ্চিত করতে আইনজীবী সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা আইনের মাধ্যমে মানুষের অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করছেন, তাদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা কুরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আইনজীবীদের শপথ নিতে হবে—কোনো বিশ্বাসঘাতকের পক্ষে তারা মামলায় লড়বেন না এবং কোনো বাতিল শক্তির হাতকে শক্তিশালী করবেন না।
তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের দোহাই দিয়ে অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না। ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং মজলুমদের সহযোগিতা করার জন্য তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
মুফতি আলী হাসান উসামা বলেন, সীরাতুন্নবী (সা.) মাহফিলের উদ্দেশ্য শুধু মহানবী (সা.)-এর জীবন সম্পর্কে আলোচনা করা নয়; বরং তার আদর্শ ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় প্রতিষ্ঠা করা।
মাহফিলে আরও বক্তব্য দেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল বাতেন, অ্যাডভোকেট শফিকুর রহমান ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খালিদ আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আবদুল হক, সিনিয়র অ্যাডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়াসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
টিএই/এআরএম




