অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে ডারউইন টেস্টে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, এক্সিলেন্ট টিম স্পিরিট, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শফিকুর রহমান আশা প্রকাশ করেন, এই ধারা বজায় রেখে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন। তিনি খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
টিএই/এফএ




