মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম

শেয়ার করুন:

‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন

জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে সকল মজলুমের ন্যায়সঙ্গত সংগ্রাম বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তিনি বলেেছন, এই আন্দোলনের মূল চেতনা ছিল ন্যায়বিচার, গণমানুষের অধিকার, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সেই চেতনাকে ধারণ করে বিভেদ ও সংঘাত ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ।

সভায় বক্তারা বলেন, পারস্পরিক বিরোধ, প্রতিহিংসা ও বিভক্তির রাজনীতি অব্যাহত থাকলে দেশে আবারও স্বৈরাচারী বা ফ্যাসিবাদী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই জাতীয় স্বার্থে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সব শক্তির মধ্যে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের পরিবেশ গড়ে তোলা জরুরি।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় মূল্যায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং তাদের পরিবারের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই হওয়া উচিত জাতির সম্মিলিত অঙ্গীকার।

সভায় দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমীসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ ছাড়া জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রউফ ইউসুফী বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। 

ভারতীয় আধিপত্যবাদের পাশাপাশি মার্কিন প্রভাব বিস্তারের আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে কোনো দেশের প্রভাব বা আধিপত্য মেনে নিতে চায় না।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর