সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

নিলোফার মনির বিতর্কিত বক্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি জেডিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

নিলোফার মনির বিতর্কিত বক্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি জেডিপির 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির আহ্বায়ক নাঈম আহমাদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করা এবং এর চেতনাকে প্রশ্নবিদ্ধ করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

শুক্রবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাঈম আহমাদ বলেন, নিলোফার চৌধুরী মনির এটি প্রথম বিতর্কিত বক্তব্য নয়। এর আগেও তিনি বিভিন্ন মন্তব্যের মাধ্যমে জনমনে সমালোচনার জন্ম দিয়েছেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওসমান হাদিকে নিয়ে করা তার মন্তব্যও ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। এসব ঘটনা থেকে স্পষ্ট হয় যে তিনি ধারাবাহিকভাবে জুলাইয়ের চেতনা ও গণমানুষের আকাঙ্ক্ষাকে অবমূল্যায়নের চেষ্টা করে আসছেন।

নাঈম আহমাদ বলেন, নিলোফার চৌধুরী মনির মতো একজন প্রকাশ্য জুলাইবিরোধী ব্যক্তির বিষয়ে বিএনপি নেতৃত্ব কী অবস্থান নেয়, সেটিই এখন দেখার বিষয়। দেশের মানুষ প্রত্যাশা করছে, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 

জেডিপি আহ্বায়ক আরও দাবি করেন, সম্প্রতি মেহের আফরোজ শাওনের বক্তব্য এবং নিলোফার চৌধুরী মনির মন্তব্যের মধ্যে সময়গত ও বক্তব্যগত মিল রয়েছে। একইসঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনার অবস্থানের সঙ্গে এসব বক্তব্যের সাদৃশ্যও লক্ষণীয়। তার ভাষ্য, বিষয়গুলো একটি পরিকল্পিত অপতৎপরতার অংশ কি না, তা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক মহলের গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত।

নাঈম আহমাদ বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দুই অধ্যায়ের কোনো একটিকেও খাটো করে দেখার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে।

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করবে এবং বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন জেডিপি আহ্বায়ক। 

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর