জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ইতোমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় নেতা ও ক্যাডার নিয়োগ দিয়ে একদলীয় শাসন কায়েম করছে। শেখ মুজিবুর রহমানও একদলীয় শাসন কায়েম করেছিল। টিকতে পারেননি।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে অংশ নিয়ে এসব বলেন জামায়াত আমির। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বিজ্ঞাপন
জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট হয়েছিল বলেই ২০২৬ সালের নির্বাচন হয়েছে। ২৪ না হলে ২৬ সালে নির্বাচন হওয়ার কথা ছিল না। তাদের রক্তের বিনিয়েই আমরা সরকারি ও বিরোধীদল হয়েছি। আমি অনুরোধ করবো এসব শহীদের কেউ যেন খাটো করে না দেখেন।

শফিকুর রহমান বলেন, ইতোমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় নেতা ও ক্যাডার নিয়োগ দিয়ে একদলীয় শাসন কায়েম করছে। শেখ মুজিবুর রহমানও একদলীয় শাসন কায়েম করেছিল। টিকতে পারেননি।
জামায়াত আমির বলেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাই ১৯৪৭, ৫২ ও ৭১সহ বিভিন্ন সময় যারা বুক চিতিয়ে সংগ্রাম করেছেন, ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন আমি সেসব শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত নির্বাচনে হাজারও জালিয়াতি, সন্ত্রাস ও ইঞ্জিনিয়ারিংয়ের পরে আপনারা ১১ দলীয় জোটকে একটি আসন উপহার দিতে পেরেছিলেন। ভোটের মত রেজাল্ট গণনা সুষ্ঠু হলে অন্য আসনেও জোটের বিজয় হত।
বিজ্ঞাপন
ডা. শফিক বলেন, অনেকের আমাদের ওপর অভিমান- এ রায় কেন মেনে নিলেন। আমরা বলেছি ১৭ বছর দেশ ছিল স্বৈরাচারের কবলে। মানুষ তো ভোট দিয়েছে। নির্বাচনের আগে সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, দাঁড়িপাল্লা। একই দিনে দুটি ভোট হয়েছিল। আমাদের অবস্থান সুদৃঢ় ছিল। আমাদের মার্কা ও গণভোটে হ্যাঁ এর পক্ষে। বর্তমান সরকার প্রথমে হ্যাঁ এর পক্ষে ছিল না। তারা গোপনে না এর পক্ষে ছিল। পরে জনরোষের মুখে রংপুরে আবু সাঈদের এলাকায় গিয়ে তিনি (তারেক রহমান) বলেছিলেন হ্যাঁ ভোট দিতে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বিরোধী দলীয় নেতা বলেন, তিনি তো সংসদের নেতা। এই গণভোটে ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তার মন্ত্রী বলেছে ভোটটা যাতে হয়ে যায় এজন্য হ্যাঁ ভোট চেয়েছেন। এগুলো করলে রাজনীতিবিদদের প্রতি জনগণের সম্মান কীভাবে থাকবে।
বিরোধী দলীয় নেতা বলেন, যেহেতু প্রায় ৭০ শতাংশ মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। এখনও সময় আছে ফিরে আসুন, জনগণের রায় বাস্তবায়ন করুন। নয়তো জনগণ আপনাদের সামনে হিমালয় পাহাড় হয়ে দাঁড়িয়ে যাবে।
ডা. শফিক বলেন, সরকার গঠনের আগে ও পরে আপনারা চাঁদাবাজদের হাত আটকাতে পারেননি। ঘুষ দুর্নীতি বন্ধ করেননি, বরং সেটির মিটার আগের থেকে আরও বেড়ে গেছে। কিছু দলকানা মানুষ ও গোষ্ঠীর হয়ত ভাগ্য পরিবর্তন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
জামায়াত আমির বলেন, এই নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি ছিল। নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে। একসময় এটা সন্ত্রাসের নগরী হিসেবে পরিনত হয়েছিল। ত্বকী আপনাদের সন্তান, তার হত্যার বিচার কি পেয়েছেন? একজন নেতা ছিল, বলতো খেলা হবে, এখন কোথায় খেলছে? অহংকার ভালো নয়। নতুন কোনো গডফাদার এখানে তৈরি হোক আমরা চাই না।
বিরোধী দলীয় নেতা বলেন, আমি এখানে আসার আগে ব্যাবসায়ী বন্ধুদের সঙ্গে বসলাম। কী যেন আতংক তাদের তাড়া করছে। তারা কথা বলতে পারছেন না। একজন বলেই ফেললেন আমরা ভালো নেই। চাঁদাবাজরা আমাদের ভালো থাকতে দিচ্ছে না। দলের নেতা বলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। আর ঘরে ঘরে চাঁদাবাজদের পৌঁছে দিয়েছে।
ডা. শফিক বলেন, আমরা চাই না আমাদের প্রিয় নারায়ণগঞ্জ অশান্তি ও চাঁদাবাজদের কবলে পড়ে থাকুক। ড্রেনের পানি দিয়ে যেমন অজু হবে না, তেমনি ভালো মানুষ ছাড়া নারায়ণগঞ্জের উন্নয়ন হবে না। এমন মানুষ লাগবে যে আল্লাহকে ভয় করে। আমরা সৎ নেতৃত্ব কায়েম করবো জনগণকে তার অধিকার ফিরিয়ে দিয়ে। আমাদের দাবি সব অনির্বাচিত প্রশাসক সরিয়ে দ্রুত নির্বাচন দেওয়া হোক।
জামায়াত আমির বলেন, নারায়ণগঞ্জ মহানগরীতে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে অনতিবিলম্বে নির্বাচন দেওয়া হোক। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী এখানে প্রার্থী দেবে। আমি আপনাদের নেতা আব্দুল জব্বারকে এখানে মেয়র প্রার্থী ঘোষণা করছি। ২৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে আমরা জনগণের সেবা করতে পারে এমন প্রার্থী আমরা উপহার দেবো।
প্রতিনিধি/ক.ম/




