বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন করা বইগুলো হলো— ‘লৌহকপাটের অন্যজীবন’, ‘মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত’, ‘কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’, ‘ঈমানের উন্নতি’ এবং ‘মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর’।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা লেখক মিয়া গোলাম পরওয়ারের সাহিত্য ও চিন্তাধারার প্রশংসা করেন এবং বইগুলো সমাজে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বইগুলোর লেখক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আব্দুল জব্বার, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান রাজিফুল হাসান বাপ্পি, সিইও শাহমুন নাকীব ফারাবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
বিজ্ঞাপন
টিএই/এআরএম




