ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এলাকায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা-৪ আসন কমিটির সদস্যসচিব মোহাম্মদ মহিউদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে ব্যাপক ভিত্তিক কার্যক্রম গ্রহণ করেন। তার জনকল্যাণমুখী কার্যক্রমে একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচার করছে।
তিনি আরও বলেন, সম্প্রতি কদমতলী শিল্প এলাকায় পতিত আওয়ামী লীগের দোসর মো. হাসান ও সাজিদুর রহমান মাহিন (শুটার মাহিন) সন্ত্রাসী ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক খোলস পরিবর্তন করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা বর্তমানে সরকার দলীয় প্রভাব ব্যবহার করে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে তাদের নাম রয়েছে।
মহিউদ্দিন অভিযোগ করেন, হাসান ও শুটার মাহিনের অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীন এবং তার ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির নিকৃষ্ট চেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন তার ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে মামলায় সাব্বিরকে আটক করা হয়েছে, ওই মামলার প্রধান আসামি এবং বাদীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।
তিনি আরও প্রশ্ন তোলেন, প্রশাসন কেন অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে আটক করছে না? এর পেছনে একটি রাজনৈতিক শক্তির ইন্ধন রয়েছে। স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন, কদমতলী পূর্ব থানা আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।
টিএই/এএইচ




