যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে 'অসম, অস্বচ্ছ ও দেশবিরোধী' আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে আগামী ১৫ মে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
লিখিত বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। ফলে এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়, বরং “গোলামির চুক্তি”।
তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এতে দেশের অর্থনীতি ও স্বাধীন নীতিনির্ধারণী সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চুক্তির পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শূকরজাত খাদ্যপণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ ও খাদ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক।
এ সময় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের দাবি জানায় দলটি।
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জমিয়তের নেতারা বলেন, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি সংবিধানে “বিসমিল্লাহির রহমানির রাহীম” ও “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনর্বহালের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করা হয় এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়।
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিজেপি সরকারের সমালোচনা করেন দলটির নেতারা। তাদের দাবি, পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত সব চুক্তি প্রকাশ ও বিতর্কিত চুক্তি বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করা, জুলাই হত্যা, পিলখানা ও শাপলা ট্রাজেডির বিচার দ্রুত সম্পন্ন করা, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা।
এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি এবং কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমের উত্তর গেটে।
এমআর/এমআই




