দেশে পবিত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। পাশাপাশি মানুষের আইনের ‘কবর’ রচনার আহ্বানও জানিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
বিজ্ঞাপন
নির্বাচনের আগে বিএনপি শরিয়তের বিরুদ্ধে কোনো আইন করবে না বলেছিল উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই। আপনারা (বিএনপি) আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন, বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি।’
এসময় দেশে ইসলামী আইন চালুর জন্য একটি ইসলামী বোর্ড গঠনের আহ্বানও জানান জামায়াতের এই এমপি। এ জন্য তিনি মাদরাসা থেকে পাস করা সংসদ সদস্য এবং সংসদের বাইরে যত মাযহাবের আলেম আছেন, তাদের নিয়ে এ বোর্ড গঠনের পরামর্শ দেন। তার মতে, এ বোর্ড ইসলামী আইন চালুর পরামর্শ দেবে এবং দেশে সেই আইন কার্যকর হবে।
মুজিবুর রহমান বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তারা শরিয়তের আইন বিশ্বাস করেন না। পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেন, শরিয়তের বিরুদ্ধে তারা কোনো আইন পাস করবেন না। ধন্যবাদ উনাকে (ফখরুল), অন্তত তওবা করে ফিরে এসেছেন।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদের লবিতে ঢোকার সময় ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা’ এবং ‘ইমান’- এটা দেখার পর তার মনে হয় আল্লাহর প্রতি ঈমান থাকলে আইনের উৎস হবে আল কোরআন। কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল।’
বিজ্ঞাপন
দেশের শতকরা ৯০ জন মানুষ কোরআনে বিশ্বাস করে উল্লেখ করে জামায়াতের এমপি বলেন, ‘পবিত্র কোরআনের ৬ হাজার ৬৬৬টি আয়াতের মধ্যে ১ হাজার আয়াত আছে ‘হ্যাঁ–বোধক’ আইন, ১ হাজার আয়াত আছে ‘না’ বোধক। এগুলো বাংলাদেশে কায়েম করতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছয়বার, বিএনপি পাঁচবার এবং জাতীয় পার্টি দুইবার সরকার গঠন করলেও দেশে কোরআনের একটি আইনও চালু করেনি। আমরা এ দেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দিতে চাই।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে মুজিবুর রহমান বলেন, ‘আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না? কেন জাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দূর করা হলো না? কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না?’
জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘টিকিট বিক্রির একটা কথা হয়েছে। কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ–তাআলা সূরা তওবার ১১১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ–তাআলা জানমালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা, আপনি জানমাল দেবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দেবেন না, আপনার কপালে জান্নাত হবে না।’
মুজিবুর রহমান চ্যালেঞ্জ দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘জামায়াতে ইসলামীর কোন নেতা বলেছে, আমার কাছে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন তিনি এটা বলছেন।’
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটা ভোটের শপথ নিলাম, আরেকটা ভোটের শপথ নিলাম না, তাহলে জনগণের ভোটের সঙ্গে ভালো আচরণ করা হলো না। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো।’
তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যকরের দাবি জানিয়ে বলেন, ‘শপথ নেওয়া না হলে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তার সমাধান হবে না। প্রধানমন্ত্রী বলেছেন তারা অক্ষরে অক্ষরে এটা পালন করবেন। তাহলে শপথটা নিলে অসুবিধাটা কোথায়?’
এএইচ




