মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারী কর্মীকে গ্রেফতার আওয়ামী ফ্যাসিবাদকে মনে করিয়ে দেয়: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

নারী কর্মীকে গ্রেফতার আওয়ামী ফ্যাসিবাদকে মনে করিয়ে দেয়: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী

‘ঊর্ধ্বতন নির্দেশে’ ভোলায় এক নারী কর্মীকে গভীর রাতে গ্রেফতারের ঘটনা আওয়ামী আমলের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল সোমবার (৬ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেফতারের কথা উল্লেখ করেছে বলে দাবি করা হয়।

মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ঊর্ধ্বতন নির্দেশের অজুহাতে একজন সম্মানিত নারীকে গভীর রাতে গ্রেফতার করা অমানবিক ও অনভিপ্রেত। এ ধরনের ঘটনা অতীতের ফ্যাসিবাদী শাসনের কথাই স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, এভাবে গ্রেফতারের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের যত্ন ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা মানবিকতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


জামায়াতের এই নেতা অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। তার ভাষায়, নির্বাচন-পরবর্তী সময়ে দেশবাসী যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, এই ঘটনা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দেশে মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

টিএই/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর