আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় কমিটি গঠন করেছে জুলাই বিপ্লবীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে সারজিস আলমকে চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা একটি বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়। এনসিপির দফতর সেল থেকে বার্তাটি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছয় সিটিতে প্রশাসক, কড়া সমালোচনা আসিফের
বার্তায় বলা হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হলো।’
এই কমিটিতে সদস্য হিসেবে আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমাকে রাখা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এনসিপির শীর্ষ নেতাকে প্রাণনাশের হুমকি
নির্বাচন কমিশন থেকে সম্প্রতি জানানো হয়, ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। ঈদুল ফিতরের পর ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে তিন সিটি নির্বাচন নিয়ে প্রস্তুতির কথাও বলা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়াদ শেষ হওয়া নির্বাচন আয়োজনের প্রয়োজন ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দেওয়া হয়েছে। কমিশনে ফাইল উপস্থাপনও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট থেকে দেশের ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এর মধ্যে নাহিদ, হাসনাত ও আখতারসহ ছয়জন প্রার্থী ছয়টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এএইচ

