শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির

সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান। গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন জামায়াতের আমির।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৫ সংসদীয় আসনে এতিমদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


কেউ শুধু দলীয় পরিচয়ের কারণে জুলুমের শিকার হলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করলে মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বিরোধীদল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি— সেই চেষ্টা অব্যাহত থাকবে।

এতিম শিক্ষার্থীদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এতিমদের থেকে আমরা মনিমুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখব সরকার সেই কাজটাই করবে।


বিজ্ঞাপন


picture

সম্প্রতি এখন টিভি-এর চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখবো— সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করব সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআনপ্রিয়। তারা কোরআনের চেতনায় বিশ্বাস করে।

এ ছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর