জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান বলেছেন, ‘ভোট চুরি করে কিংবা প্রশাসনের চক্রান্তে ইঞ্জিনিয়ারিং ইলেকশনে যারা বিজয়ী হয় তারা কখনো জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারে না।’
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল হাসান, ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য মাস্টার রুহুল আমিন, মীর বাহার আমিন, নেছার উদ্দিনসহ বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।
জামায়াতের নেতা ড. আব্দুল মান্নান বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, নির্বাচিত হলেও মানুষের পাশে থাকবো, না হলেও মানুষের পাশে থাকবো।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের এই প্রার্থী এও অভিযোগ করেন, জনগণ তাকে সর্বোচ্চ ভোট দিয়ে জনগণের খাদেম হিসেবে মনোনীত করলেও ‘ভোট কারচুপি ও সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ তাকে পরাজিত দেখানো হয়েছে।
ড. মান্নান বলেন, ‘যারা ক্ষমতার জন্য ভোট চুরি করে, ফলাফল কারচুপি করে, তারা কখনো জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। তারা জনগণকে ভয় পায় বলেই প্রশাসনের ঘাড়ে চড়ে ক্ষমতার মসনদে বসে।’
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতায়নের জন্য রাজনীতি করে- এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দলের সংগ্রাম অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি গণমানুষের কল্যাণে একটি মানবিক সংগঠন। দলটি চার দফা ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে, যার অন্যতম হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। সমাজসেবার অংশ হিসেবে দলটি বিভিন্ন সময় ব্যাপক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।’
জামায়াত দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছে কথা উল্লেখ করে আব্দুল মান্নান বলেন, ‘মানুষ হিসেবে সমাজে আমরা সবাই সমান। তাই সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।’
অনুষ্ঠান শেষে স্থানীয় সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানকে সামনে রেখে ধারাবাহিকভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও আয়োজকরা জানিয়েছেন।
টিএই/এএম

