সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তিনি লিখিত অভিযোগও দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ওই অভিযোগ দাখিল করেন তিনি। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
অভিযোগে রুমিন ফারহানা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে তার নির্বাচনী এলাকায় কিছু ‘গুরুতর অনিয়ম’ পরিলক্ষিত হচ্ছে।
‘এ বিষয়ে ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন। আগে বারবার বিএনপি জোটের প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি’, অভিযোগে বলেন তিনি।
অভিযোগে রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, ইউএনও’র পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোট হবে না। ইউএনও’র বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করা আছে উল্লেখ করে অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের অনুরোধও জানান তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘তিনি (ইউএনও) আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। প্রতিকার চেয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
রুমিন ফারহানার সঙ্গে কথা হওয়ার বিষয়টি স্বীকার করেন সরাইলের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার। তবে তিনি এও বলেন, ‘আমার পক্ষ থেকে কোনো অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি।’
এদিকে অভিযোগ দায়েরের এক দিনপর নির্বাচনি জনসভা থেকে প্রশাসনের প্রতি কড়া হুঁশিয়ারি করেছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া এই নেত্রী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে জনসভায় রুমিন ফারহানা বলেন, ‘আমাদের এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। এই সরকারের সময় আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ থাকেন। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।’
তিনি বলেন, ‘প্রশাসনকে বলবো জনবান্ধব আচরণ করেন। আমলা হইছেন মানে রাজা হইয়া যান নাই। মাথায় রাখবেন, আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে, নম্রভাবে তাদের যা সমস্যা আইন অনুযায়ি সমাধান করার দায়িত্ব আপনাদের।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘পুলিশ, প্রশাসন, বড় দলগুলোর সবাইকে বলতে চাই মানুষের ক্ষমতা ৫ আগস্ট, ২০২৪ এ দেখেছেন। সুতরাং মানুষকে ক্ষেপাবেন না। মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে ফাউল করে সরানোর চেষ্টা করবেন না। এ চেষ্টা যদি কেউ করে তাহলে এর দাঁতভঙ্গা জবাব আমার এলাকার মানুষ দিয়ে দিবে।’
এএম

