বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই হারিয়ে গেছে: জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই হারিয়ে গেছে: জাহাঙ্গীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপিকে অস্তিত্বহীন করার অপচেষ্টা চালাতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজেই অস্তিত্বহীন হয়ে পড়েছেন। বিএনপি নেতাকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে চালানো জুলুম ও নির্যাতনের পরিণতিতেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে নির্বাচনি প্রচারণার ত্রয়োদশ দিনের কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গত সতেরো বছর দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। ওই সময়ে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাসহ অসংখ্য নিরীহ মানুষ মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আমরা যখন ফ্যাসিস্ট সরকারের সাজানো মামলায় কারাগারে ছিলাম, তখন আলেম-ওলামাদের সঙ্গেও একই কারাগারে থাকতে হয়েছে। এই জুলুম নির্যাতনের কারণে বিএনপির বহু নেতাকর্মীর পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো নেতাকর্মী এ ধরনের নির্যাতনের শিকার না হয়, সে জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, পলাতক হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।

দক্ষিণখান এলাকার সমস্যা তুলে ধরে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের মৌলিক সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেব।

পথসভা ও গণসংযোগে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন। এ সময় দক্ষিণখান ও উত্তরখান থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর