মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না: আজহারুল ইসলাম

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না: আজহারুল ইসলাম
কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম.

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যারা নিজেদের কথায় কথায় দেশের পক্ষের শক্তি ও স্বাধীনতার শক্তি বলে, তারা এখন কোথায়? তারা দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তারা শুধু নিজেদের কর্মীদের ফেলে যায়নি, দেশের ১৮ কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে গেছেন।

তিনি বলেছেন, জামায়াতের নেতারা ফাঁসির সামনে থেকেও দেশ ছেড়ে পালায়নি। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুর অম্বিকা ময়দানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যারা ব্যালট ছিনতাই ও ভোট দিতে বাধা সৃষ্টি করতে আসবে, তাদেরও দুই হাত, আপনাদেরও দুই হাত, তারা যেন দুই হাত নিয়ে আর ফিরে যেতে না পারে।

1000170256

কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, আমাদের হারানোর কিছু নেই, দশ নেতাকে আমরা হারিয়েছি। কেউ ভোট চুরি করতে এলে জীবন দিয়ে হলেও প্রতিরোধ করতে হবে, আমরা জীবন বাজি রেখে এখানে এসেছি।


বিজ্ঞাপন


আজহারুল ইসলাম বলেন, দেশের সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের। যারা এতদিন ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। এতদিন ক্ষমতাশীলরা দুর্নীতির মাধ্যমে দেশকে গরিব করে রেখেছে। আমাদের সামনে এখন পরিবর্তনের সময় এসেছে। আমাদের দল ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, মানবসৃষ্ট আইন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষের বানানো আইনে সমাজে কেবল কিছু মানুষ সুবিধা পায়, সাধারণ মানুষের মধ্যে শান্তি আসে না। আমরা ক্ষমতায় গেলে দেশে আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করব।

আরও পড়ুন

ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মাতৃভূমি ত্যাগ করে না জামায়াত: এ টি এম আজহার

নির্বাচন সম্পর্কে এ টি ম আজহার বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এবার আদর্শ পরিবর্তনের নির্বাচন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন, আধিপত্যবাদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচনে আপনাদের এগিয়ে আসতে হবে। জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে কেউ কেউ হামলা শুরু করেছে, কিন্তু হামলা করে জামায়াতকে দমানো যাবে না।

আজহারুল ইসলাম বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্যেই ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট চাই। ফরিদপুর ৪ টি আসনে আমাদের চারজন প্রার্থী রয়েছেন। শহীদদের রক্তের বদলা নিতে হলে এ চারজন প্রার্থীকে আপনাদের বিজয়ী করাতে হবে।

আজহারুল ইসলাম নারীদের উদ্দেশ্যে বলেন, একটি সচেতন মহলকে দেখা যায়, নারীদের নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে। আমরা নাকি নারীদের ঘর থেকে বের হতে দেব না, চাকরি করতে দেব না। এগুলো মিথ্যা কথা। কারণ জামায়াতের আমির ডা. শফিকুল ইসলামের স্ত্রী একজন ডাক্তার। তিনি একটি হাসপাতাল পরিচালনা করছেন, সেখানে নারী-পুরুষ সবাই কাজ করছেন। নারীরা শালীনভাবে চলাফেরা করবেন এই কথাগুলোই আমরা বলি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের একই দিনে ভোট ও গণভোটের আয়োজন করতে দেওয়া হবে না। এতে জনগণ বিভ্রান্তি পড়বে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে।

আরও পড়ুন

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই: ভিপি সাদিক কায়েম

গণসমাবেশে ফরিদপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দোলোয়ার হোসাইন, অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা মো. সোহরাব হোসাইন, ফরিদপুর-৩ আসনের প্রার্থী প্রফেসর আবদুল তাওয়াব ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ আহম্মদ ও জেলা সেক্রেটারি আব্দুল ওহাব প্রমুখ।

এর আগে, সকালে জেলার সদরপুরের ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে স্থানীয় জামায়াতের আয়োজনে গণসমাবেশ করেন। পরে ফরিদপুর জেলায় গণসমাবেশের আগে সাবেক কেন্দ্রীয় জামায়াত নেতা মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত আলী হাসান মুজাহিদের কবর জিয়ারত করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর