মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

দ্রুত আসন বণ্টন চান ১৪ দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

দ্রুত আসন বণ্টন চান ১৪ দলের নেতারা
১৪ দল । ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের আসন বণ্টনের বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনায়। শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির বৈঠক হলেও আসন চূড়ান্ত হয়নি। দায়িত্ব পড়েছে ১৪ দলের সমন্বয়কের ওপর। এবার সেই আসন বণ্টন দ্রুত করতে জোটের সমন্বয়ক আমির হোসেন আমুকে তাগিদ দিয়েছেন শরিকদের একাংশ। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।


বিজ্ঞাপন


বৈঠকে আসন বিন্যাস সংক্রান্ত বিষয়ে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে কি আলোচনা হয়েছে তা খোলাসা করতে রাজি নন জোট নেতারা। 

জানা গেছে, জোটের শরিকরা যে দাবিগুলো তুলে ধরেছেন, তা যেন বিশেষভাবে দেখা হয় এবং গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়ে আমির হোসেন আমুর সঙ্গে কথা বলেছেন জোট নেতারা। এ ক্ষেত্রে জোটের গুরুত্বপূর্ণ দলের নেতারা যেনো তাদের পছন্দের আসন পান, সে বিষয়টিও আলোচনায় ছিলো বলে জানা গেছে।

আরও পড়ুন

‘আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজকালের মধ্যেই পরিষ্কার হবে’

বৈঠকের বিষয়ে জানতে চাইলে টুকিটাকি কি কি বিষয়ে আলোচনা হয়েছে, তা জানাতে চাননি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু। 


বিজ্ঞাপন


তিনি জানান, জোটের আসন বিন্যাসের বিষয়টি দ্রুত করার তাগিদ দিয়ে গেছেন তারা। 

ঢাকা মেইলকে ইনু বলেন, আমরা এমনিতেই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। টুকিটাকি আলোচনা করে আসলাম। যাতে উনি (আমির হোসেন আমু) আসন বণ্টনের কাজটা দ্রুততার সঙ্গে শেষ করেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, তিন-চারদিনের ভেতরে এটা নিষ্পত্তি হয়ে যাবে৷

১৪ দলের আসন বণ্টন নিয়ে নানা দর-কষাকষি চলছে। যা মনকষাকষির পর্যায়েও গেছে। এ বিষয়ে জানতে চাইলে জোটের শরিক দলের এই শীর্ষ নেতা বলেন, যে কোনো আসন বণ্টনে একটা দর-কষাকষি হয়, মন কষাকষি হয়। এরপর একটা সমঝোতা হয়। এটা নিয়ে উদ্বেগের কিছু নাই।

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর