মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তালাবদ্ধ নয়াপল্টনে ইসির চিঠি, গ্রহণের সুযোগ নেই বলছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১১:০২ পিএম

শেয়ার করুন:

তালাবদ্ধ নয়াপল্টনে ইসির চিঠি, গ্রহণের সুযোগ নেই বলছে বিএনপি
নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠিয়েছে। সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে। অন্যদিকে দলের কেন্দ্রীয় কার্যালয় গত শনিবার থেকে তালাবদ্ধ। এমন অবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে নিবন্ধিত দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যে কারণে আলোচনা ছিল বিএনপির কার কাছে চিঠি পাঠাবে ইসি?

নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠিয়েছে।

কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম বুধবার (১ নভেম্বর) রাতে বলেন, বিএনপির চিঠি পাঠানো হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায়। আজই এ চিঠি দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে ইসি।

 

আরও পড়ুন

আব্বাসের পর আলালও নাশকতার মামলায় রিমান্ডে

অন্যদিকে, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম বলেছেন, দলের কেন্দ্রীয় কার্যালয় এখনো তালাবদ্ধ। সেটি পুলিশের নিয়ন্ত্রণে। এ অবস্থায় কারও কোনো চিঠি গ্রহণ করার অবস্থা নেই।

 

ফলে নির্বাচন কমিশনের চিঠি পাওয়ারও কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

ইসি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা সভায় অংশ নিতে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৪ নভেম্বর এ সভা হবে। 

 

আরও পড়ুন

মির্জা আব্বাস ৫ দিনের রিমান্ডে

চিঠিতে ইসি বলেছে, সংসদের মেয়াদ পূর্তির কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩১ অক্টোবর থেকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংসদ নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে।

 

আলোচনা অনুষ্ঠানটি নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পাশাপাশি নির্বাচন কমিশনাররাও সভায় উপস্থিত থাকবেন।

চিঠিতে রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা মনোনীত দুজন উপযুক্ত প্রতিনিধিকে আলোচনা অনুষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

আরও পড়ুন

সংসদ নির্বাচন: ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

গত ২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় রোববার (২৯ অক্টোবর)। আজ বুধবার (১ নভেম্বর) দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে পাঁচ দিন করে রিমান্ড দেন আদালত। আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলন করে দলের কর্মসূচি ঘোষণা করছেন।

 

এদিকে, ইসি সচিব জাহাংগীর আলম বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে ইসি যেসব কার্যক্রম নিয়েছে, তা রাজনৈতিক দলগুলোকে অবহিত করা হবে এবং তাঁদের কোনো পরামর্শ থাকলে সেটা শুনবে নির্বাচন কমিশন।

অন্যদিকে, বিএনপির নেতারা কারাগার ও আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় তাঁরা যদি বলেন তাঁদের উপযুক্ত প্রতিনিধি নেই, তাহলে ইসি কী করবে, জানতে চাইল কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, ‘নো কমেন্টস (মন্তব্য নেই)।’

বিইউ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর