অষ্টাদশ পর্ব
[‘মোসলেম ভারত’ পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক জনাব মোহাম্মদ আফজাল-উল হক সাহেবকে লিখিত। ডাকঘরের সিলমোহর থেকে বোঝা যায় পত্রখানি ১৯২২ খ্রিস্টাব্দের ২৮শে মার্চ তারিখে লিখিত। ১৩২৮ সালের চৈত্র সংখ্যা ‘প্রবাসী’তে নজরুলের ‘আরবি ছন্দের কবিতা’ প্রকাশিত হয়, তারই উল্লেখ ‘আরবি ছন্দ’ কথাটিতে করা হয়েছে।
Kandirpar
Comilla
15th Chaitra
ভাই ডাবজল!
‘মোসলেম ভারত’ কি ডিগবাজি খেল নাকি? খবর কি? ‘ব্যথার দান’ কেমন কাটছে? কত কাটল? অন্যান্য কাগজে সমালোচনা বা বিজ্ঞাপন বেরুল না কেন? ‘সার্ভেন্ট’ আর ‘মোহাম্মদী’-র সমালোচনা এবং ‘বিজলী’ ও ‘বাংলার কথা’-য় বিজ্ঞাপন দেখেছি মাত্র। ‘আরবি ছন্দ’ দেখেছেন? কে কি বললে? আপনার মুমূর্ষু অবস্থা দেখেই ওটা ‘প্রবাসী’তে দিয়েছি। তার জন্য দুঃখিত হয়েছেন নাকি? আর সব খবর কি? ‘মোসলেম ভারতে’র অবস্থা জানবার জন্য বড্ড উদ্বিগ্ন। এতদিন চট্টগ্রাম বা অন্য কোথাও যেতে পারিনি; তার কারণ এ-বাড়িতে অন্তত দু-জন করে অনবরত শয্যাগত রোগশয্যায়। এখন আবার বসন্ত হয়েছে মেয়েদের। এসব ছেড়ে যেতে পারিনি। তাছাড়া মায়ের স্নেহ আর নিজের আলস্য ঔদাস্য তো আছেই। চট্টগ্রামে বঙ্গীয় প্রাদেশিক কনফারেন্সে আসবেন নাকি? আমি যাব নিশ্চয়ই দেখতে। দুই কাজই হবে। নিজের শরীরও ভাল নয়। মনের অশান্তির আগুন দাবানলের মতো দাউদাউ করে জ্বলে উঠছে। অবশ্য ‘আমি নিজেই নিজের ব্যথা করি সৃজন।’ হ্যাঁ, আমার আজই কুড়িটি টাকা টেলিগ্রাফ মনিঅর্ডার করে পাঠাবেন kindly। বড্ড বিপদে পড়েছি। আর কারুর কাছে আমি যাই-ই হই আপনার কাছে আমি হয়তো ভালোতে-মন্দতে মিশে তেমনি আছি। এই অসময়ে আমার আর কেউ নেই দেখে আপনারই শরণ নিলুম। আশা করি বঞ্চিত হব না। তা আপনি যত দুর্দশাগ্রস্ত হোন না কেন! টাকা চাই-ই-চাই, ভাই। নইলে যেতে পারব না। অনেক কষ্ট দিলুম-আরো দেব। ‘ব্যথার দান’ মোট নয়খানা পেয়েছি মাত্র; আরো খান পনেরো আমার দরকার। যাক টাকা পাঠাবেনই যা করে হোক।
বেরোয়। আমার লেখাটা তাহলে ‘উপাসনা’য় দিয়ে দেবেন যদি ‘মোসলেম ভারত’ না বেরোয়।
চির-স্নেহানুবদ্ধ
নজরুল
এই পত্রটি বন্ধু মোহাম্মদ আফজাল-উল হক সাহেবকে লিখিত। পত্রটির ভাষার নানান রকম বাঁক পরিবর্তন তাই-ই প্রমাণ করে যে, ইনি নজরুলের বন্ধু। তবে এই পত্রের প্রধান আকুতি হলো টাকার অভাব। নজরুলের আর্থিক দুরবস্থার সকরুণ বিবরণ এখানে বিবৃত। তবে এই চিঠি যে-কেউ প্রথম পড়লে পাঠক মনে করতে পারেন যে, নজরুল মনে হয় অর্থভিক্ষা করছেন। অথবা জোর করে ধার নিচ্ছেন। বিষয়টি একেবারেই তা নয়, বরং পত্রপ্রাপক একজন প্রকাশক। এবং নজরুলের বই বক্রি করে এরা বেশ লাভবান-ও হয়েছেন। তবে একালে মতো সেকালেও লেখকে বঞ্চিত করার নেশা কেউ ত্যাগ করেনি। অধিকাংশ সময়ই এই কথা সত্য। মাঝে মাঝে অতিসত্য। অথচ তার প্রাপ্যটুকু লেখককে দিতে তাদের যথেষ্ট গাফিলাতি ছিলো। তাই, নজরুল স্বভাবসুলভ বিনয়ের কারণেই তিনি এভাবেই কাকুতি-মিনতি করে পাওনা টাকা চাচ্ছেন।
এই চিঠিটির ঐতিহাসিক তাৎপর্য কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। যেমন: ‘মোসলেম ভারত’ পত্রিকার সংকটে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। চিঠিতে বারবার ‘মোসলেম ভারত’ পত্রিকার প্রকাশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এভাবে,’মোসলেম ভারত’-এর অবস্থা জানবার জন্য বড্ড উদ্বিগ্ন।’ এটি প্রমাণ করে যে, পত্রিকাটি তখন আর্থিক ও প্রকাশনা-সংকটে ছিলো। বাংলা মুসলিম সাহিত্য-আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সাময়িকপত্র হিসেবে এর টিকে থাকা নিয়ে লেখকদের মধ্যেও গভীর উৎকণ্ঠা ছিলো। কবি নজরুল মনের কথা প্রকাশে দ্বিধা করতেন না। তা হোক অর্থনৈতিক বিষয় অথবা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। তাই পত্রে নজরুলের আর্থিক দুরবস্থার অকপট স্বীকারোক্তি এমন- ‘আমার আজই কুড়িটি টাকা টেলিগ্রাফ মনিঅর্ডার করে পাঠাবেন… টাকা চাই-ই-চাই, ভাই।’ এ থেকে বোঝা যায়, তৎকালেও সাহিত্যচর্চা করে নজরুল আর্থিক নিরাপত্তা পাননি। তার জীবন-সংগ্রামের এ এক করুণ বাস্তবতা।
এই পত্র থেকে নজরুলের ‘ব্যথার দান’-গ্রন্থের প্রকাশ-ইতিহাসের তথ্য পাওয়া যায়। নজরুল তার প্রথম গল্পগ্রন্থ ‘ব্যথার দান’-এর বিক্রি, সমালোচনা ও বিজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এভাবে, ‘কত কপি বিক্রি হয়েছে? কোন কোন পত্রিকায় সমালোচনা বেরিয়েছে? কোথায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে?’ এগুলো বাংলা প্রকাশনা-ইতিহাসের মূল্যবান তথ্য।
সমকালীন সাহিত্যপত্রগুলোর পারস্পরিক সম্পর্ক এই চিঠির অন্যতম উপজীব্য বিষয়। ‘মোসলেম ভারত’, ‘প্রবাসী’, ‘উপাসনা’, ‘বিজলী’, ‘বাংলার কথা’, ‘দ্য সার্ভেন্ট’, ‘মোহাম্মদী’র মতো পত্রিকার সাথে তৎকালীন সাহিত্যিকেরা একযোগে যুক্ত ছিলেন এবং কোথায় লেখা প্রকাশ হবে, তা নিয়ে তাদের মধ্যে নিয়মিত আলোচনা চলতো।
পত্রটি সাদামাটা মনে হলেও এতে ব্যক্তিগত জীবন ও সাহিত্যজীবনের সংমিশ্রণ পরিলক্ষিত হয়। চিঠিতে পারিবারিক দুর্দশার কথাও এসেছে। যেমন-’বাড়িতে একাধিক অসুস্থ ব্যক্তি, মেয়েদের বসন্ত রোগ, নিজের শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি’ ইত্যাদি। এর পাশাপাশি সাহিত্য, বই প্রকাশ, সম্পাদক, সম্মেলন, সবকিছু একই চিঠিতে স্থান পেয়েছে। ফলে এটি একজন সৃষ্টিশীল মানুষের জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি বললেও অত্যুক্তি হয় না। এখানে বঙ্গীয় প্রাদেশিক কনফারেন্সের উল্লেখ নিঃসন্দেহে কাজী নজরুলের রাজনীতি সচেতনতারই উৎকৃষ্ট উদাহরণ। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বঙ্গীয় প্রাদেশিক কনফারেন্স-এ যোগদানের প্রসঙ্গ থেকে বোঝা যায়, সাহিত্যিকদের সংগে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেরও নিবিড় যোগাযোগ ছিলো। এই চিঠির আরেকটি স্মরণীয় উক্তি, ‘আমি নিজেই নিজের ব্যথা করি সৃজন।’ এটি শুধু ব্যক্তিগত বেদনার প্রকাশ নয়; তার জীবনদর্শন ও সৃষ্টিশীল মানসিকতারও পরিচায়ক।
এই চিঠিটি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই পত্র থেকে জানা যায়, নজরুলের আর্থিক সংগ্রাম, তার প্রথম দিকের গ্রন্থ ‘ব্যথার দান’-এর প্রকাশ-ইতিহাস, সমকালীন সাহিত্যপত্রগুলোর পারস্পরিক সম্পর্ক, বাংলা মুসলিম সাহিত্য আন্দোলনের অবস্থা, বিশ শতকের তৃতীয় দশকের সাহিত্য-সংস্কৃতির বাস্তব চিত্র, নজরুলের ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা ও সাহিত্যিক কর্মকাণ্ডের আন্তঃসম্পর্ক।
[১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকা ‘মুসলিম সাহিত্য সমাজে’র দ্বিতীয় বার্ষিক সম্মেলন হয়। কবি নজরুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন; সেই উপলক্ষেই ‘চল চল চল উর্ধ্ব গগনে বাজে মাদল’ গানটি রচনা করেন। সে-সময়ে তিনি কিছুকাল ঢাকা অবস্থান করেছিলেন। ঢাকা থেকে প্রত্যাবর্তনের পথে তিনি সাহিত্য সমাজের তৎকালীন সম্পাদক অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে এই পত্রখানি লেখেন।]
পদ্মা
২৪-২-২৮ সন্ধ্যা
(Vulture স্টিমার)
প্রিয় মোতাহার,
আমার কেবলি মনে পড়ছে (বোধ হয় ব্রাউনিং-এর) একটি লাইন,- ‘So very mad, so very bad, so very sad it was, yet it was sweet!’
আর মনে হচ্ছে, ছোট দুটি কথা-সুন্দর ও ‘বেদনা’। এই দুটি কথাতেই আমি ‘সুন্দর’ ও ‘বেদনা’, এ দুটি পাতার মাঝখানে একটি ফুল-বিকশিত বিশ্ব। একটি মক্ষী-রাণী, তাকে ঘিরেই বিশ্বের মধুচক্র।
বাগানের মালি রাতদিন লাঠি নিয়ে বাগান আগলে আছে? বেচারা মানুষ তাকে ডিঙিয়ে যেতে পারে না। মৌমাছি তার মাথার ওপর দিয়ে গজল-গান গেয়ে বাগানে ঢোকে, সুন্দরের মধুতে ডুবে যায়, অস্ফুট কুড়ির কানে বিকাশের বেদনা জাগায় প্রস্ফুটিত যে-তাকে ঝরে পড়ার গান শোনায়; তার এতটুকু বাধে না, দেহেও না, মনেও না। বেচারা মালী-যেন অঙ্কশাস্ত্রী মশাই। হাঁ করে তাকিয়ে দেখে, আর মৌ-মক্ষীর চরিত্রের এবং ‘আরো কতো কি’-র সমালোচনা জুড়ে দেয়। মৌ-মক্ষী কিছু শোনে না, সে কেবলি গান করে-সুন্দরের স্তব সে গান। তাকে মারো, সে সুন্দরের স্তব করতে করতেই মরবে।
কোন দ্বিধা নেই, ভয় নেই। তাকে আবার বাঁচিয়ে ছেড়ে দাও, সে আবার সুন্দরের স্তব করবে, আবার বাগানে ঢুকে ফুলের পরাগে অন্ধ হয়ে ভগ্নপক্ষ হয়ে মরবে।
সুষমা-লক্ষ্মীর বাগান আগলে বসে আছে নীতিবিদ বুড়ো সামাজিক হিতকামীর দল,-স্টার্ন, রিজার্ভ, রিজিড, ডিউটিফুল! কতো বড় বড় বিশেষণ তাদের সামনে ও পেছনে। তারা সর্বদা এই ‘পোজ’ নিয়ে বসে আছে যে, তারা যদি না থাকত, তাহলে একদিনে এই জগতটা বিশৃঙ্খল হয়ে পড়ত, একটা ভীষণ ওলটপালট হয়ে যেতো। বেচারা। দেখলে দয়া হয়।
এদের মাঝেই-হয়তো কোটির মাঝে একটি-আসে সুন্দরের ধেয়ানী, কবি। সে রিজার্ভ নয়, ডিউটিফুল নয়, সে কেবলি ভুল করে, সে কেবলি fall on the thorns of life, he weeps! সে সমস্ত শাসন সমস্ত বিধিনিষেধের উর্ধ্বে উঠে সুন্দরের স্তব গান করে slyark-এর মতো। সে কেবলি বলে, ‘সুন্দর-বিউটিফুল।’ মিল্টনের স্বর্গের পাখির মতো তার পা নেই, সে ধূলার পৃথিবী স্পর্শও করে না।...
কবি এবং মৌ-মক্ষী। বিশ্বের মধু আহরণ করে মধুচক্র রচনা করে গেল এরাই।’’
‘So very mad, so very bad, so very sad it was, yet it was sweet!’ এই কোটেশনটি কবির স্মৃতি থেকে লেখা বলে সঠিক হয়নি। সঠিক হবে- How sad and bad, and mad it was! But then, how it was sweet! এটি ভিক্টোরিয়ান কবি রবার্ট ব্রাউনিং এর লেখা। যা হোক, এই পত্রটি বস্তুত মিস ফজিলাতুন্নেসাকে লক্ষ্য করেই লেখা। ফজিলাতুন্নেসা কর্তৃক নজরুল প্রেম-প্রত্যাখ্যাত হওয়ার পর মোতাহের হোসেনকে এ রকম আরও অনেক চিঠি লেখেন। এই ধরনের চিঠিতে বার বার প্রেমের গভীরতম বিষয়ে আলোচনা ও আক্ষেপ স্থান পেয়েছে। তাই এই পত্রটি বাংলা পত্রসাহিত্যের এক অসামান্য শিল্পনিদর্শন। এর সাহিত্যমান বিচার করতে গেলে প্রথমেই লক্ষ্য করা যায়, এটি প্রচলিত অর্থে কোনো তথ্যবহুল ব্যক্তিগত চিঠি নয়; বরং এটিকে গদ্যকবিতা, আত্মদর্শনের দলিল এবং শিল্প-সৌন্দর্যের এক গভীর নন্দনতাত্ত্বিক ভাষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। চিঠির বাহ্যিক রূপ ব্যক্তিগত হলেও এর অন্তর্গত রূপ সম্পূর্ণ সাহিত্যিক। এখানে কবি তার লেখক বন্ধুর সংগে কথা বলছেন বটে, কিন্তু সেই কথোপকথন ক্রমে ব্যক্তিগত অভিজ্ঞতার সীমানা অতিক্রম করে শিল্প, সৌন্দর্য, বেদনা, প্রেম, সৃষ্টিশীলতা এবং মানুষের অস্তিত্ব সম্পর্কে এক সর্বজনীন আলোচনায় পরিণত হয়েছে।
এই পত্রের সবচেয় বড় শিল্পগুণ তার ভাষা। নজরুলের পত্রগদ্য এখানে পত্রকাব্যের সমস্ত বৈশিষ্ট্য ধারণ করেছে। বাক্যগুলি অর্থপূর্ণ। এবং সুমধুর সুরও সৃষ্টি করে। কোথাও দীর্ঘ, আবেগময় বাক্য; কোথাও এক বা দুই শব্দের সংক্ষিপ্ত উচ্চারণ। আবেগঘন মিষ্টি ভাষার এই ছন্দময় ওঠানামা গদ্যকে সংগীতধর্মী করে তুলেছে। ‘কবি এবং মৌ-মক্ষী’, ‘কেবল হাসি, কেবল গান! কেবল বিদ্রোহ’ এই ধরনের বাক্যে শব্দের পুনরাবৃত্তি কেবল অলংকার নয়, আবেগের তরঙ্গ সৃষ্টি করার একটি কৌশল। পাঠক এই পত্র পড়েন না, শুনতে পান। এখানেই কবির অসাধারণত্ব।
চিঠিটির অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য তার প্রতীকনির্ভর শিল্পরীতি। কবি নজরুল সরাসরি তত্ব ব্যাখ্যা করেননি; তিনি প্রতীকের মাধ্যমে সুগভীরভাব নির্মাণ করেন। মৌমাছি এখানে কবির প্রতীক। ফুল সৌন্দর্যের প্রতীক। মধু শিল্পরসের প্রতীক। মালী সমাজের নিয়ন্ত্রণমূলক নীতিবাদের প্রতীক। এই প্রতীকগুলো আলাদা আলাদা নয়; তারা একটি বৃহৎ রূপক-জগৎ নির্মাণ করেছে। কবি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে, তেমনি জীবনের আনন্দ ও বেদনা থেকে শিল্পরস আহরণ করেন। অন্যদিকে মালী ফুল পাহারা দিলেও সৌন্দর্যের আস্বাদ গ্রহণ করতে পারে না।
এই রূপকের ব্যবহার কবি নজরুল, শিল্পী ও সমাজের সম্পর্ক সম্পর্কে গভীর বিশ্বাসের অসাধারণ প্রকাশ। পত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ শিল্পগুণ হলো, এর রোমান্টিক চেতনা। এখানে সৌন্দর্যকে সত্যের চেয়ে বড়, অনুভূতিকে নিয়মের চেয়ে গভীর এবং সৃষ্টিকে নীতির চেয়ে শক্তিশালী বলে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে কবিদের শাশ্বত কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন: কবি ভুল করেন, পথভ্রষ্ট হন, আঘাত পান, কিন্তু সেই ভুল ও আঘাত থেকেই সৌন্দর্যের জন্ম হয়। এই ধারণা ইংরেজ রোমান্টিক কবিদের দর্শনের সংগে সাযুজ্যপূর্ণ হলেও নজরুল তাকে নিজের জীবনবোধের সংগে এমনভাবে মিলিয়ে দিয়েছেন যে, তা সম্পূর্ণ মৌলিক রূপ লাভ করেছে। তিনি শিল্পীকে সমাজের বিধিবদ্ধ নাগরিক হিসেবে নয়, সৌন্দর্যের এক নিবেদিত সাধক হিসেবে কল্পনা করেছেন।
চিঠির ভাষায় আবেগের যে তীব্রতা দেখা যায়, তা বাংলা গদ্যে বিরল। তবে এই আবেগ কখনো কৃত্রিম বা অলংকারসর্বস্ব নয়; বরং গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উৎসারিত। ‘আমি এক সংগে কবি এবং নজরুল’ এই স্বীকারোক্তির মধ্যে শিল্পীসত্বা ও ব্যক্তিমানুষের দ্বন্দ্ব এক অসাধারণ নাটকীয়তায় প্রকাশিত হয়েছে। কবি সৃষ্টির আনন্দে আত্মবিসর্জন দিতে চান, আর মানুষ নজরুল ব্যক্তিগত বেদনায় ভেঙে পড়েন। এই দ্বৈত সত্বার সংঘর্ষই পত্রটির আবেগকে গভীরতা দিয়েছে। [চলবে]
লেখক: শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও নজরুল গবেষক।




