শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘খেলার মাঠ কমায় অপরাধ বাড়ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১১:৪০ পিএম

শেয়ার করুন:

‘খেলার মাঠ কমায় অপরাধ বাড়ছে’

রাজধানী ঢাকায় খেলার মাঠ কমায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভলাপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ও পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। সেই সঙ্গে তিনি বলেছেন, ঢাকায় যে হারে খেলার মাঠ কমছে, তাতে শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে উঠার সুযোগ কমে যাচ্ছে। ফলশ্রুতিতে তারা অপরাধের দিকে ধাবিত হচ্ছে। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলার জন্য ঢাকায় খেলার মাঠ ও গণপরিসর বাড়ানো জরুরি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর পান্থকুঞ্জ পার্কে উন্নয়ন সাংবাদিক ফোরামের (ইউডিজেএফবি) শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

সংগঠনের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কবির, ডিআরইউ’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিল্পব, ইউডিজেএফবি’র সাধারণ সম্পাদক সেহেল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খান, অর্থ সম্পাদক রাশেদ আহমেদ প্রমুখ।

>> আরও পড়ুন: ‘নতুন প্রজন্মকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার হাতিয়ার খেলাধুলা’

অনুষ্ঠানে কাউন্সিলর আসাদুজ্জামান বলেন, খেলাধুলা শুধু ব্যক্তিজীবনেই নয়, প্রফেশনাল জীবনেও খেলাধুলার প্রয়োজন অপরিহার্য। এর মাধ্যমে নিজেদের মধ্যে আন্তরিক পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি হৃদ্যতাপূর্ণ জায়গা তৈরি হবে। খেলাধুলার ব্যাপারে সিটি করপোরেশনের খুবই আন্তরিক। মেয়ের কাপ চালুসহ সব ওয়ার্ডে খেলার মাঠ ও খেলাধুলার প্রসারে মেয়ের ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া অন্য বক্তারা বলেন, স্বার্থান্বেষী মহলের দখল, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণসহ নানা কারণে ক্রমাগত কমছে খেলার মাঠ। খেলাধুলার সুযোগ সংকুচিত হওয়ার কারণে বাড়ছে অপরাধ। এমন বাস্তবতায় খেলাধুলার সুযোগকে সুস্থভাবে বেড়ে ওঠতে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করার সময় এসেছে। এর জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় অর্থায়ন, কার্যকর বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজন।

তারা বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে নানা কারণে শিশু-কিশোর ও এলাকাবাসী খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। নগর-গ্রাম সব জায়গায়ই খেলাধুলার সুযোগ সংকুচিত হচ্ছে। নগর ও গ্রামীণ পরিকল্পনায় খেলার মাঠকে বিনোদন ক্ষেত্রের পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা জরুরি বলেও মনে করেন তারা।

ডিএইচডি/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর