রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

গঙ্গা চু‌ক্তি বিষয়ক চি‌ঠিতে ভারতের জবাব প্রত্যাশা শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

গঙ্গা চু‌ক্তি বিষয়ক চি‌ঠিতে ভারতের জবাব প্রত্যাশা শামা ওবায়েদের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

গঙ্গা চু‌ক্তি নিয়ে বাংলাদেশ সরকারের দেওয়া চি‌ঠির জবাব ভারত অচিরেই দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই চিঠির জবাব দেবে। কারণ, ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই গঙ্গা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তি‌নি।

গঙ্গা নিয়ে ভারতের সঙ্গে যে চু‌ক্তি রয়েছে সে‌টি নতুন করে নবায়ন করা হবে নাকি নতুন করে চু‌ক্তি করা হবে জান‌তে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, যে চু‌ক্তি রয়েছে সেটা আমরা কন‌টি‌নিউ করতে চা‌চ্ছি। নবায়ন হবে এবং সেটা অবশ্যই তাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি। আমরা আশা করব, ভারত আমাদের প্রতিবে‌শী দেশ হিসেবে অবশ্যই বুঝবে উভয়ের জন্য গঙ্গা চুক্তিটা কত গুরুত্বপূর্ণ।

শামা ওবায়েদ বলেন, আমরা আশা করব যে, ভারত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই চিঠির জবাব দেবে এবং আমাদের ম‌ধ্যে দরকষাক‌ষি হওয়ার প্রয়োজন নেই। এটা নিয়ে টেবিলে বসা প্রয়োজন এবং সেটা আমরা আগামীতে করতে পারব।

গঙ্গা সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তি‌নি বলেন, আগে তো বসতে হবে, বসাই তো হয়নি। বসলে চুক্তি নবায়ন হবে না নতুন চুক্তি হবে সেটা আলোচনা হবে। আমরা চাই যে যে চুক্তি ছিল সেটাই আবার নবায়ন করা হোক। নতুন চুক্তি হওয়ার দরকার তো এখানে আসছে না।

চল‌তি বছরের মধ্যে গঙ্গার পানি চুক্তি নিয়ে বসা হবে কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, যথাসময়ে দুই দেশের প্রধান বসবেন এবং যথাসময়ে সব সমস্যা সমাধান হবে। 

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য অপরাধীদের ফেরাতে বাংলাদে‌শ কয়েক দফা চি‌ঠি দি‌য়ে‌ছে। এ ব্যাপারে কো‌নো অগ্রগ‌তি আছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোনো অগ্রগ‌তি নেই। প্রক্রিয়াটা শোনেন, এটা করতে হয় বন্দি বিনিময় যে চুক্তির মাধ্যমে; একটা ব্যুরোক্রেটিক প্রসেস ফলো করে করতে হয়। লিগ্যাল প্রসেস ফলো করে সম্পন্ন হতে সময় লাগে, এটা আমরা স্বীকার করি।

তি‌নি আরও বলেন, কিন্তু ভারতের সরকারের যদি রাজ‌নৈ‌তিক স‌দিচ্ছা থাকে তাহলে তারা এই প্রক্রিয়াটাকে ত্বরা‌ন্বিত করতে পারে। কারণ, আমরা চাই হাদির হত্যাকারীদেরকে বিচার বাংলাদেশের মাটিতে হোক। তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এবং যারা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত আসামি; যারা ওই দেশে পালিয়ে আছে, তাদেরকে ফেরত আনার দরকার। 

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করব যে, ভারত এই প্রক্রিয়‌াটিকে গুরুত্ব সহকারে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, একটু ত্বরা‌ন্বিত করবে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর