রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৪ মাসের মধ্যে থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ চালু: বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

১৪ মাসের মধ্যে থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ চালু: বেবিচক চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের ফেব্রুয়ারিতে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (৩০ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান বজায় রাখতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কর্মকর্তাবৃন্দ।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির মেয়াদ কার্যকর হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্যমাত্রা রয়েছে। পরবর্তী ছয় মাসে পর্যায়ক্রমে ফ্লাইট বাড়িয়ে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে নেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। অন্যদিকে, বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইট পরিচালনায় ব্যবহার করতে পারবে বেবিচক।

এ ছাড়া চুক্তির মেয়াদকালে যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালুর দায়িত্ব থাকবে পরিচালনাকারী প্রতিষ্ঠানের। যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণের কাজও প্রতিষ্ঠানটিকে করতে হবে।

তৃতীয় টার্মিনালের পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে গেলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে, ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

চুক্তির আওতায় তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়া থেকে আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এসব আয় নন-অ্যারোনটিক্যাল রাজস্ব হিসেবে বিবেচিত হবে।

বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব বণ্টনের বিষয়টিও চুক্তিতে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দিতে হবে প্রতিষ্ঠানটিকে। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে ঘটবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা থাকছে। তৃতীয় টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এসব গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।

যাত্রীসেবার মান নিশ্চিত করতে ব্যাগেজ সরবরাহ ও চেক-ইন প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময় কমাতেও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার লক্ষ্য রয়েছে।

টার্মিনালের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির কার্যকারিতা বজায় রাখার বিষয়েও শর্ত রয়েছে চুক্তিতে। ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (কিউট), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (কিউএসএস) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (এফআইডিএস) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৮ অথবা ৯৫ শতাংশ সময় সচল রাখতে হবে। প্রযুক্তিগত ত্রুটির কারণে যাত্রীসেবায় বিঘ্ন কমাতে এসব শর্ত রাখা হয়েছে।

নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক পূরণে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। চুক্তিতে বলা হয়েছে, ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।

তৃতীয় টার্মিনালের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে এর। দ্রুত ও নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করতে এখানে সেলফ চেক-ইন সুবিধাসহ ১২৭টি চেক-ইন কাউন্টার স্থাপন করা হয়েছে। এ ছাড়া ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, অন-অ্যারাইভাল ভিসার জন্য ৮টি কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।

আগমনী যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি বড় ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। যাত্রীদের চলাচল সহজ করতে স্থাপন করা হয়েছে মুভিং ওয়াকওয়ে, এস্কেলেটর ও লিফট।

এ ছাড়া বহুতল গাড়ি পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার সুবিধা রয়েছে। আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বাড়াতে নির্মাণ করা হয়েছে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল। এসব টার্মিনালে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গোসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে।

এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা প্রক্রিয়াগত জটিলতায় টার্মিনালটির কার্যক্রম আর শুরু করা সম্ভব হয়নি।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর